মুরাদনগরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ: ৮ দিনেও ধরা ছোঁয়ার বাইরে মূল আসামি

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৯ এপ্রিল ২০২৬ ১১:৫৩ অপরাহ্ণ   |   ১৪৮ বার পঠিত
মুরাদনগরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ: ৮ দিনেও ধরা ছোঁয়ার বাইরে মূল আসামি


রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

 

 

কুমিল্লার মুরাদনগরে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় আট দিন পেরিয়ে গেলেও প্রধান আসামি গ্রেপ্তার না হওয়ায় জনমনে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবারটি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগ উঠেছে।

 

ঘটনার বিবরণ

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ এপ্রিল সকালে রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের একটি বিদ্যালয় থেকে ছুটি শেষে বাড়ি ফিরছিল ওই শিক্ষার্থী। পথে মটকিরচর ঈদগাহ এলাকায় পৌঁছালে অভিযুক্ত সাইফুল ইসলাম (২৩) ও তার এক সহযোগী সিএনজি চালক জোরপূর্বক ওই শিক্ষার্থীর মুখ চেপে ধরে অপহরণ করে।

 

অভিযোগে উল্লেখ করা হয়েছে, তাকে হোমনা উপজেলার কুটুমবাড়ী সংলগ্ন একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করা হয়। পরবর্তীতে ওই দিন বিকেলেই ভুক্তভোগীকে পুনরায় বিদ্যালয়ের সামনে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা।

 

নিরাপত্তাহীনতায় পরিবার

নিগৃহীতা শিক্ষার্থীর মা কান্নায় ভেঙে পড়ে বলেন, “আমার স্বামী নেই। মেয়েটা স্কুলে গিয়েছিল পড়াশোনা করতে, আর ফিরল সম্ভ্রম হারিয়ে। আসামিরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং আমাকে মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি দিচ্ছে।”

 

জনরোষ ও প্রশাসনের বক্তব্য

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

 

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান:

“অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছি।”