চ্যাম্পিয়নস লিগে মহারণ: রাতে মুখোমুখি হচ্ছে বায়ার্ন ও পিএসজি

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৬ মে ২০২৬ ০৩:৩১ অপরাহ্ণ   |   ২১ বার পঠিত
চ্যাম্পিয়নস লিগে মহারণ: রাতে মুখোমুখি হচ্ছে বায়ার্ন ও পিএসজি

ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর উয়েফা চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় সেমিফাইনালের ফিরতি লেগে আজ হাইভোল্টেজ লড়াইয়ে নামছে দুই শক্তিশালী দল বায়ার্ন মিউনিখ ও বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি।

বুধবার জার্মানির মিউনিখে বায়ার্নের ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

প্রথম লেগে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর ৫-৪ গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে পিএসজি। তবে এক গোলের এই লিড নিয়েও আত্মতুষ্টির সুযোগ দেখছেন না পিএসজির কোচ লুইস এনরিকে। তার মতে, বায়ার্নের মাঠে লিড ধরে রাখা সবসময়ই কঠিন, তাই আক্রমণাত্মক মনোভাবেই খেলতে হবে তার দলকে।

উল্লেখযোগ্যভাবে, ঠিক এক বছর আগে এই আলিয়াঞ্জ অ্যারেনাতেই ইন্টার মিলানকে হারিয়ে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছিল প্যারিসের ক্লাবটি।

অন্যদিকে, ঘরের মাঠে সমর্থকদের সামনে ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী বায়ার্ন মিউনিখ। দলটির কোচ ভিনসেন্ট কোম্পানি জানিয়েছেন, বুন্দেসলিগা শিরোপা নিশ্চিত করার পর এখন তাদের পুরো মনোযোগ চ্যাম্পিয়নস লিগে। ফাইনালে ওঠাই তাদের প্রধান লক্ষ্য।

প্রথম লেগে এক সময় ৫-২ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৫-৪ ব্যবধানে ম্যাচ শেষ করা বায়ার্নের লড়াকু মানসিকতাই আজ তাদের সবচেয়ে বড় ভরসা।

সবকিছু ঠিক থাকলে আগামী ৩০ মে বুদাপেস্টে অনুষ্ঠিত ফাইনালে আর্সেনালের বিপক্ষে খেলবে এই সেমিফাইনালের জয়ী দল-এমন প্রত্যাশায় মুখিয়ে রয়েছে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীরা।