ঈদে যেভাবে ম্যানেজ করলে মিলবে টানা ১০ দিনের ছুটি

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৮ এপ্রিল ২০২৬ ০৩:১৬ অপরাহ্ণ   |   ৩৭ বার পঠিত
ঈদে যেভাবে ম্যানেজ করলে মিলবে টানা ১০ দিনের ছুটি

পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদকে ঘিরে এবার চাকরিজীবীদের জন্য আসতে পারে দীর্ঘ ছুটির সুযোগ। মধ্যপ্রাচ্যের জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, আগামী ২৬ মে মঙ্গলবার আরাফাত দিবস পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর ২৭ মে বুধবার সেখানে ঈদুল আজহা উদযাপিত হতে পারে।

হিজরি সনের ১২তম মাস জিলহজের ১০ তারিখে পালিত হয় কোরবানির ঈদ, যা হযরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের স্মৃতিকে ধারণ করে।

সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়। সেই হিসেবে দেশে ২৮ মে ঈদুল আজহা পালিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, এ বছর ঈদের ছুটি ২৬ মে মঙ্গলবার থেকে ৩১ মে রোববার পর্যন্ত নির্ধারিত থাকতে পারে। এর মধ্যে ২৬ ও ৩১ মে নির্বাহী আদেশে ছুটি থাকবে বলে জানা গেছে।

তবে ছুটি আরও দীর্ঘ হওয়ার সম্ভাবনাও রয়েছে। যদি কেউ ঈদের আগে ২৪ ও ২৫ মে দুই দিন ঐচ্ছিক ছুটি নিতে পারেন, তাহলে ২২ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা ১০ দিনের অবকাশ কাটানোর সুযোগ তৈরি হতে পারে।

এর আগে ২২ ও ২৩ মে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় পুরো সময়টি আরও দীর্ঘ ছুটির আবহ তৈরি করতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।