জমকালো আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৪ মে ২০২৬ ০৪:২৯ অপরাহ্ণ   |   ৪৪ বার পঠিত
জমকালো আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ প্রতিনিধি:



মুন্সীগঞ্জের সিরাজদিখান কিন্ডার গার্টেন স্কুলে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) সকাল ৮টা থেকে শুরু হওয়া এ আয়োজন দিনভর প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।

 

অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া ইভেন্ট অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতাগুলো ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। একই সঙ্গে অভিভাবক ও শিক্ষকদের উপস্থিতিতে স্কুল প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে।
 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ শুভ্র, উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম এবং উপজেলা প্রকৌশলী আসিফ উল্লাহ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুশীল সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
 

প্রধান অতিথি রুম্পা ঘোষ বিদ্যালয়ের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন। বক্তারা তাদের বক্তব্যে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলামের নেতৃত্বে বিদ্যালয়ের ইতিবাচক পরিবর্তনের প্রশংসা করা হয়।
 

আয়োজকরা জানান, শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমানে বিদ্যালয়টিতে শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং শিক্ষার মানোন্নয়নেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
 

অনুষ্ঠানের শেষপর্বে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এতে শিক্ষার্থীদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।
 

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে সহায়ক হবে।