সাংবাদিক মেহেদী হাসান রিয়াদের জন্মদিন আজ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৯ এপ্রিল ২০২৬ ১১:০৮ অপরাহ্ণ   |   ১০৯ বার পঠিত
সাংবাদিক মেহেদী হাসান রিয়াদের জন্মদিন আজ

নিউজ ডেস্ক, ঢাকা প্রেস:

 

 

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সাহসী ভূমিকার জন্য পরিচিত তরুণ সাংবাদিক মেহেদী হাসান রিয়াদের জন্মদিন আজ। সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা দিনটি উপলক্ষে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

 

কুমিল্লার দেবীদ্বার উপজেলার দক্ষিণ পোনরা (জোড়পুল) গ্রামে এক মধ্যবিত্ত সেনা পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। সেখানেই তার শৈশব ও বেড়ে ওঠা। প্রাথমিক শিক্ষার পর কিছুদিন মাদ্রাসায় অধ্যয়ন করলেও পরবর্তীতে সাধারণ শিক্ষায় ফিরে এসে দেবীদ্বার থেকেই প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। পরে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে সম্মান (অনার্স) ডিগ্রি অর্জন করে বর্তমানে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত রয়েছেন।

 

ছাত্রজীবন থেকেই বিভিন্ন সামাজিক ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত ছিলেন রিয়াদ। প্রযুক্তির প্রতি আগ্রহ ও নতুন কিছু করার আগ্রহ থেকেই সাংবাদিকতায় তার পথচলা শুরু। স্থানীয় অনলাইন মাধ্যমে কাজ শুরু করলেও অল্প সময়েই জাতীয় গণমাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেন এবং অনুসন্ধানী সাংবাদিকতায় দক্ষতার স্বাক্ষর রাখেন।

 

কর্মজীবনে তিনি দেশের বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি দৈনিক বাংলাদেশ প্রতিদিনে অনুসন্ধান বিভাগের রিপোর্টার, দৈনিক দিনকাল পত্রিকায় স্টাফ রিপোর্টার এবং দৈনিক ঢাকা প্রতিদিনে কান্ট্রি এডিটর হিসেবে কাজ করেছেন। এছাড়া স্যাটেলাইট টেলিভিশন ভিওডি বাংলায় স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। একই সময়ে তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামের ব্যক্তিগত জনসংযোগ কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেন।

 

পরবর্তীতে ডিজিটাল মিডিয়া ‘কাল প্রকাশ’-এর হেড অব ডিজিটাল হিসেবে কাজ করেছেন তিনি। এছাড়া পার্বত্য টিভির প্রকাশক, দেশবাংলা পত্রিকার ডেস্ক ইনচার্জ, আজকের পেপার ও সাপ্তাহিক দেশ পত্রের নির্বাহী সম্পাদক হিসেবেও তার অভিজ্ঞতা রয়েছে।

 

সাংবাদিকতাকে তিনি কেবল পেশা নয়, মানবসেবার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে দেখেন। অনুসন্ধানী প্রতিবেদন ও অপরাধবিষয়ক সাংবাদিকতায় তার বিশেষ দক্ষতা রয়েছে বলে সহকর্মীরা জানান।

 

জন্মদিন উপলক্ষে তার সহকর্মী, শুভানুধ্যায়ী ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতারা শুভেচ্ছা জানিয়ে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।