মাদরাসাছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৬ মে ২০২৬ ১২:৩৪ অপরাহ্ণ   |   ৩৭ বার পঠিত
মাদরাসাছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার

নেত্রকোণার মদন উপজেলায় এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা করার অভিযোগে দায়ের হওয়া মামলার প্রধান আসামি মাদরাসাশিক্ষক আমান উল্লাহ সাগরকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার ভোরে ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায় অভিযান চালিয়ে র‌্যাব-১৪ এর একটি দল তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম। তিনি জানান, ভোর সোয়া ৪টার দিকে র‌্যাবের একটি বিশেষ দল গৌরীপুর এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করতে সক্ষম হয়।

ওসি আরও বলেন, “আসামিকে র‌্যাবের কাছ থেকে হস্তান্তর করা হলে পরবর্তী আইনগত প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে আদালতে পাঠানো হবে। পরিস্থিতি বিবেচনায় আজই তাকে আদালতে সোপর্দ করার সম্ভাবনা রয়েছে, না হলে আগামীকাল পাঠানো হবে।”

এদিকে র‌্যাব সূত্রে জানা গেছে, অভিযুক্তকে গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে।

ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।