বান্দরবানে অগ্নিকাণ্ডে নারীর মৃত্যু, পানির অভাবে নেভাতে দেরি

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৩ এপ্রিল ২০২৬ ১১:১৭ পূর্বাহ্ণ   |   ৭০ বার পঠিত
বান্দরবানে অগ্নিকাণ্ডে নারীর মৃত্যু, পানির অভাবে নেভাতে দেরি

বান্দরবান প্রতিনিধি:


বান্দরবানের বালাঘাটা এলাকায় অগ্নিকাণ্ডে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (১২ এপ্রিল) দুপুর ২টার দিকে ফথোয়াই অং কারবারি পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত নারী হ্লানুচিং মারমা (৪৬)। তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের বরাতে জানা যায়, তিনি নিজ বসতঘরে আগুন দিলে তা দ্রুত পুরো ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তবে শুরুতে পানির স্বল্পতার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় বলে জানা গেছে। আশপাশে তাৎক্ষণিক পানির উৎস না থাকায় ফায়ার সার্ভিস সদস্যরা নিকটস্থ ডোবা ও নালা থেকে পানি সংগ্রহ করেন। পরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ টিম পুড়ে যাওয়া ঘর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, এলাকার রাস্তা সরু হওয়ায় ফায়ার সার্ভিসের বড় গাড়ি ঘটনাস্থলে প্রবেশ করতে পারেনি, যা উদ্ধার কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

তবে নিহতের বাড়ির আশপাশে অন্য কোনো বসতঘর না থাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে।

এ ঘটনায় ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টার কথা উল্লেখ করেছেন এলাকাবাসী।