নিখোঁজ পাইলটকে উদ্ধারে ইরানে ঢুকেছে মার্কিন স্পেশাল ফোর্স

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৪ এপ্রিল ২০২৬ ০১:৪৭ অপরাহ্ণ   |   ৭৪ বার পঠিত
নিখোঁজ পাইলটকে উদ্ধারে ইরানে ঢুকেছে মার্কিন স্পেশাল ফোর্স

ইরানের অভ্যন্তরে ভূপাতিত হওয়া মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ পাইলটকে উদ্ধারে দেশটিতে বিশেষ অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স।

 

শনিবার দ্য টেলিগ্রাফ ও ইয়াহু নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গত শুক্রবার রাতে এই অভিযান শুরু হয়।

 

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। বিমানে থাকা দুই ক্রু সদস্য প্যারাসুট দিয়ে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হলেও তাদের উদ্ধারে গিয়ে মার্কিন বাহিনী ব্যাপক বাধার মুখে পড়ে। উদ্ধার অভিযানে অংশ নেওয়া দুটি সামরিক হেলিকপ্টার ইরানি বাহিনীর গুলিতে ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে সেগুলো নিরাপদে ইরাক সীমান্তে ফিরে যেতে সক্ষম হয়।

 

দ্য টেলিগ্রাফ জানিয়েছে, বিধ্বস্ত বিমানের একজন ক্রু সদস্যকে উদ্ধার করা সম্ভব হলেও অপরজন এখনো নিখোঁজ রয়েছেন। ইরানীয় স্থানীয় সংবাদমাধ্যমে ওই নিখোঁজ পাইলটকে খুঁজে বের করতে তল্লাশি চালানোর দৃশ্য প্রচার করা হয়েছে এবং তাকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কারের ঘোষণাও দেওয়া হয়েছে।

 

এদিকে সিবিএস নিউজ জানিয়েছে, নিখোঁজ পাইলটকে খুঁজতে গিয়ে মার্কিন এ-১০ ওয়ারথগ মডেলের আরও একটি বিমান হামলার শিকার হয়। প্রাণ বাঁচাতে ওই বিমানের পাইলট সাগরে ঝাঁপ দিলে পরে তাকে উদ্ধার করা হয়। অভিযানে অংশ নেওয়া একটি হেলিকপ্টারে ক্ষুদ্রাস্ত্রের গুলিতে কয়েকজন মার্কিন ক্রু আহত হয়েছেন বলে জানা গেছে। বর্তমানে নিখোঁজ দ্বিতীয় পাইলটের সন্ধানে ওই এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে।

 

সংশ্লিষ্টরা মনে করছেন, ইরানের অভ্যন্তরে মার্কিন বাহিনীর এই সরাসরি প্রবেশ দুই দেশের চলমান যুদ্ধ পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলতে পারে। এ বিষয়ে হোয়াইট হাউজ থেকে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে।