সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, শুরু হয়েছে দিনব্যাপী কর্মসূচি

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০২ মে ২০২৬ ১১:০৯ পূর্বাহ্ণ   |   ৬৭ বার পঠিত
সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, শুরু হয়েছে দিনব্যাপী কর্মসূচি

সিলেট ব্যুরো


 

 

একদিনের সফরে সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম সিলেট সফর।
 

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইট সিলেটের উদ্দেশে ছেড়ে যায়। সকাল ১০টার দিকে বিমানটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করে।
 

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুত্তাদীর, শ্রম ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক কাইয়ুম চৌধুরী, বিভাগীয় কমিশনার মশিউর রহমান, জেলা প্রশাসক সারওয়ার আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
 

বিমানবন্দরে পৌঁছানোর সময় বৃষ্টি থাকলেও সেখান থেকে সরাসরি হযরত শাহ জালাল (র.) মাজার-এ যান প্রধানমন্ত্রী। সকাল সাড়ে ১০টার দিকে তিনি মাজার জিয়ারত করেন। পরে তিনি হযরত শাহ পরাণ (র.) মাজার-এ যাওয়ার কথা রয়েছে।
 

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান রয়েছেন। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি শেষে রাতে ঢাকায় ফেরার কথা রয়েছে।
 

প্রেস উইং জানায়, মাজার জিয়ারতের পর সকাল ১১টায় নগরের চাঁদনীঘাট এলাকায় জলাবদ্ধতা নিরসনে সিলেট সিটি করপোরেশনের একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুধী সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর ১২টায় সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে বাইশা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি।
 

এছাড়া সার্কিট হাউসে জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজ শেষে বিকেল ৩টায় সিলেট স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিকেল ৫টায় তিনি নগরের শিল্পকলা একাডেমিতে দলীয় জনসভায় বক্তব্য রাখবেন।
 

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণাও সিলেট থেকেই শুরু করেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে এটি তাঁর প্রথম সিলেট সফর।