চিকিৎসক সংকটে ধুঁকছে বাঙ্গরা উপস্বাস্থ্য কেন্দ্র

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৬ মে ২০২৬ ১১:১৪ পূর্বাহ্ণ   |   ৩৭ বার পঠিত
চিকিৎসক সংকটে ধুঁকছে বাঙ্গরা উপস্বাস্থ্য কেন্দ্র

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:


কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা সদরে অবস্থিত বাঙ্গরা উপস্বাস্থ্য কেন্দ্র দীর্ঘদিন ধরে চিকিৎসক সংকটে কার্যত অচল অবস্থায় রয়েছে। মেডিক্যাল অফিসার না থাকায় ব্যাহত হচ্ছে নিয়মিত চিকিৎসাসেবা, ফলে প্রায় ৪০ হাজার মানুষ কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ১৯০০ সালে “শান্তি দাতব্য চিকিৎসালয়” নামে প্রতিষ্ঠিত এই কেন্দ্রটি স্বাধীনতার পর ১৯৮৭ সালে উপস্বাস্থ্য কেন্দ্রে রূপান্তরিত হয়। প্রায় এক শতাব্দীর বেশি সময় ধরে এটি স্থানীয়দের প্রাথমিক চিকিৎসার প্রধান ভরসা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

 

তবে গত এক দশকেরও বেশি সময় ধরে এখানে কোনো মেডিক্যাল অফিসার নেই। বর্তমানে একজন উপসহকারী মেডিক্যাল অফিসার ও একজন ফার্মাসিস্ট দিয়ে সীমিত পরিসরে সেবা দেওয়া হচ্ছে। জরুরি রোগীদের প্রায় ২০ কিলোমিটার দূরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হচ্ছে, যা ভোগান্তি বাড়াচ্ছে।

 

স্থানীয়দের অভিযোগ, অবকাঠামোগত বড় ধরনের সমস্যা না থাকলেও বাউন্ডারি দেয়াল না থাকায় কেন্দ্রটি অরক্ষিত রয়েছে। হাসপাতাল চত্বরে ময়লা-আবর্জনা ফেলা ও উন্মুক্তভাবে প্রস্রাবের কারণে পরিবেশ দূষণ হচ্ছে। এছাড়া সন্ধ্যার পর এলাকাটি মাদকসেবীদের আড্ডাস্থলে পরিণত হয় বলেও অভিযোগ রয়েছে।

 

স্থানীয় বাসিন্দা ইকবাল হোসেন ও হারিছ মিয়া বলেন, দ্রুত একজন চিকিৎসক নিয়োগ দেওয়া হলে এলাকার মানুষ সহজেই চিকিৎসাসেবা পেতেন। একইসঙ্গে নিরাপত্তা নিশ্চিত করতে বাউন্ডারি দেয়াল নির্মাণের দাবি জানান তারা।

 

উপসহকারী মেডিক্যাল অফিসার আক্তার হোসেন বলেন,
“চিকিৎসক না থাকায় সীমিত জনবল নিয়ে সেবা দিতে হচ্ছে। একজন ডাক্তার নিয়োগ হলে সেবার মান আরও বাড়বে।”

 

এ বিষয়ে Directorate General of Health Services-এর অধীন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত জাহান বলেন,
“চিকিৎসক সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা চলছে।”