বিদ্যুতের দাম ইউনিটপ্রতি দেড় টাকা বাড়ানোর প্রস্তাব বিদ্যুৎ বিভাগের
দেশে বিদ্যুতের দাম বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। পাইকারি ও খুচরা উভয় পর্যায়ে মূল্য সমন্বয়ের প্রস্তাব সোমবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)-এ পাঠিয়েছে বিদ্যুৎ বিভাগ।
প্রস্তাব অনুসারে, পাইকারি পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১ টাকা ২০ পয়সা থেকে ১ টাকা ৫০ পয়সা পর্যন্ত বাড়তে পারে। খুচরা পর্যায়ে সর্বোচ্চ ১ টাকা ৩৮ পয়সা পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ব্যবহারের পরিমাণ অনুসারে স্ল্যাবভিত্তিক এই মূল্যবৃদ্ধি কার্যকর হবে। তবে স্বল্প ব্যবহারকারী লাইফলাইন গ্রাহকদের এই বৃদ্ধির আওতামুক্ত রাখার পরিকল্পনা করা হয়েছে।
সাধারণত বিতরণকারী সংস্থাগুলো বিইআরসিতে মূল্যবৃদ্ধির প্রস্তাব দিয়ে থাকে। তবে এবার বিদ্যুৎ বিভাগের নির্দেশনায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)সহ অন্যান্য বিতরণ সংস্থাগুলো প্রস্তাব তৈরি করছে। চলতি সপ্তাহের মধ্যেই এসব প্রস্তাব কমিশনে জমা পড়তে পারে। বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানিয়েছেন, প্রস্তাব পেলে আইন অনুসারে পর্যালোচনা ও গণশুনানির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।
পিডিবির চেয়ারম্যান রেজাউল করিম জানান, তারা প্রস্তাব চূড়ান্ত করার কাজ করছেন। সবকিছু ঠিক থাকলে জুনের শুরুতেই নতুন দাম কার্যকর হতে পারে।
বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, জ্বালানি আমদানির ব্যয় বৃদ্ধি, উৎপাদন খরচ ও বিক্রয়মূল্যের মধ্যে বড় ব্যবধান এবং বিপুল ভর্তুকির চাপ মোকাবিলায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে প্রতি ইউনিট উৎপাদন খরচ গ্রাহকদের কাছ থেকে আদায় করা দামের চেয়ে গড়ে প্রায় ৫ টাকা ৫০ পয়সা বেশি। চলতি ২০২৫-২৬ অর্থবছরে বিপিডিবির ঘাটতি ৫৬ হাজার ৪৭৫ কোটি টাকায় পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রস্তাব অনুসারে, মাসে ৪০০ ইউনিটের বেশি ব্যবহারকারীদের ক্ষেত্রে প্রতি ইউনিটে সর্বোচ্চ ১.৩৮ টাকা এবং ৭৬ থেকে ৪০০ ইউনিট ব্যবহারকারীদের ক্ষেত্রে প্রায় ৭০ পয়সা পর্যন্ত দাম বাড়তে পারে। দেশে মোট প্রায় ৪ কোটি ৯৭ লাখ বিদ্যুৎ গ্রাহকের মধ্যে প্রায় ৩৭ শতাংশ এই মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব অনুভব করবেন।
বিশ্লেষকরা বলছেন, শিল্প ও বাণিজ্যিক খাতে বিদ্যুতের দাম বাড়লে তার প্রভাব শেষ পর্যন্ত পণ্য ও সেবার দামে পড়বে, যা জীবনযাত্রার ব্যয় আরও বাড়িয়ে দিতে পারে।
উল্লেখ্য, সর্বশেষ গত বছরের ফেব্রুয়ারিতে বিদ্যুতের খুচরা মূল্য গড়ে ৮.৫০ শতাংশ বাড়ানো হয়েছিল।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬