|
প্রিন্টের সময়কালঃ ১৭ আগu ২০২৬ ১১:২৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৭ আগu ২০২৬ ০৯:৫৭ অপরাহ্ণ

সাবেক মন্ত্রী দীপু মনির পাঁচ মামলায় জামিন প্রশ্নে হাইকোর্টের রুল


সাবেক মন্ত্রী দীপু মনির পাঁচ মামলায় জামিন প্রশ্নে হাইকোর্টের রুল


ঢাকা প্রেস প্রতিবেদক

 

নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী দীপু মনিকে পাঁচ মামলায় কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
 

সোমবার বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. রফিজুল ইসলাম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ একটি রিট আবেদনের শুনানি শেষে এ রুল জারি করেন।
 

দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম সাংবাদিকদের জানান, সংশ্লিষ্টদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
 

রুল জারি হওয়া মামলাগুলোর মধ্যে রয়েছে—২০২৪ সালের ৫ অক্টোবর গাজীপুরের গাছা থানায় দায়ের করা হত্যা মামলা, ৪ আগস্টের ঘটনায় আদাবর থানায় করা হত্যা মামলা, ২৫ অক্টোবরের ঘটনায় শাহবাগ থানায় করা হত্যা মামলা, শাহবাগ থানায় ২৩ মার্চ দায়ের করা একটি মামলা এবং বাড্ডা থানায় ১৬ নভেম্বর দায়ের করা দণ্ডবিধির ৩২৬ ও ৩০৭ ধারার মামলা।
 

আদালতে দীপু মনির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী রমজান আলী শিকদার। তাঁকে সহযোগিতা করেন আইনজীবী গাজী ফয়সাল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মাসুদুল আলম দোহা।
 

দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জানান, হত্যা, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, দুর্নীতি ও সহিংসতার অভিযোগসহ বিভিন্ন ঘটনায় তাঁর বিরুদ্ধে প্রায় ৭০টি মামলা রয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত আদালতে ৩৮টি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
 

তিনি আরও জানান, ঢাকার বাইরে চাঁদপুরেও দীপু মনির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ পর্যন্ত তিনটি মামলায় তিনি জামিন পেয়েছেন। এর মধ্যে দুটি মামলায় জামিন স্থগিত রয়েছে এবং একটি মামলায় জামিন বহাল আছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬