|
প্রিন্টের সময়কালঃ ০৩ মে ২০২৬ ০৬:১৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৩ মে ২০২৬ ০৩:৫৩ অপরাহ্ণ

পটিয়ায় মুজাফফরাবাদ গণহত্যা দিবস পালিত


পটিয়ায় মুজাফফরাবাদ গণহত্যা দিবস পালিত


আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:

 

চট্টগ্রামের পটিয়া উপজেলার মুজাফফরাবাদ গ্রামে ১৯৭১ সালের নৃশংস হত্যাযজ্ঞের স্মরণে মুজাফফরাবাদ গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার আয়োজন করা হয়।

ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী, ১৯৭১ সালের ৩ মে মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগীরা চারদিক থেকে হামলা চালিয়ে গ্রামটিতে নির্বিচারে গুলি করে প্রায় তিন শতাধিক নারী-পুরুষকে হত্যা করে। সেই ঘটনার স্মরণে প্রতিবছর দিবসটি পালিত হয়ে আসছে।

এবারের আয়োজনে বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য Mohammad Enamul Haque Enam।

বধ্যভূমি সংরক্ষণ পরিষদের সভাপতি প্রফেসর ড. তাপসী ঘোষ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান এবং প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক, সাবেক চেয়ারম্যান মফজল আহমদ চৌধুরী, অ্যাডভোকেট সুজিত বিকাশ দত্ত, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুর মোহাম্মদ, মুক্তিযোদ্ধা সুনীল বিশ্বাস, অধ্যাপক বনগোপাল চৌধুরী ও তাপস কুমার দে।

মুজাফফরাবাদ গণহত্যা দিবস উদযাপন পরিষদের সদস্য সচিব দেবাশীষ দের সঞ্চালনায় আরও বক্তব্য দেন বিপ্লব সেন, কাজল কর, মানিক চন্দ্র কর, অজিত চৌধুরী, মোহাম্মদ জসিম, আবদুল করিম, ডা. বি. কে. দত্ত, অজিত দত্ত পুলক, প্রদীপ কর, নিউটন বিশ্বাস ও নয়ন দাশ বর্মনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬