নওগাঁয় শিক্ষক স্বামীর বিরুদ্ধে প্রতারণা ও নির্যাতনের অভিযোগে স্ত্রীর সংবাদ সম্মেলন, বিচার ও নিরাপত্তা দাবি
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় এক বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রিন্সিপাল ও পরিচালকের বিরুদ্ধে প্রতারণা, একাধিক অনৈতিক সম্পর্ক এবং শারীরিক-মানসিক নির্যাতনের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী মোসা. শারমিন আক্তার।
বৃহস্পতিবার আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি তার স্বামী শহীদ প্রামাণিকের বিরুদ্ধে এসব অভিযোগ উত্থাপন করেন। তিনি জানান, প্রায় ১৭ বছর আগে তাদের দাম্পত্য জীবন শুরু হয় এবং বর্তমানে তাদের দুই ছেলে ও এক মেয়েসহ তিন সন্তান রয়েছে।
লিখিত বক্তব্যে শারমিন আক্তার বলেন, বিবাহের শুরুতে স্বামী আর্থিকভাবে অসচ্ছল থাকায় তিনি ও তার পরিবার বিভিন্নভাবে সহযোগিতা করেন। পরবর্তীতে শহীদ প্রামাণিক নওগাঁয় ‘ন্যাশনাল মডেল স্কুল’ নামে একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন এবং বর্তমানে এর প্রিন্সিপাল ও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি অভিযোগ করেন, শিক্ষা প্রতিষ্ঠানের মালিকানা তার নামে করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তার ও তার পরিবারের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ ও স্বর্ণালঙ্কার গ্রহণ করা হয়। তবে পরে সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে প্রতিষ্ঠানটি নিজের নামে নিবন্ধন করেন তার স্বামী।
শারমিন আক্তার আরও অভিযোগ করেন, তার স্বামী বিদ্যালয়ে আসা কিছু শিক্ষার্থীর অভিভাবকের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন। এসব বিষয়ে প্রতিবাদ করলে তাকে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, তার স্বামী গোপনে এক অভিভাবককে বিয়ে করেছেন, যা তিনি দীর্ঘদিন সন্তানের ভবিষ্যতের কথা ভেবে সহ্য করেছেন। তবে গত ২৫ মার্চ ২০২৬ আত্রাইয়ের একটি কাজী অফিসের মাধ্যমে কোনো কারণ ছাড়াই তাকে তালাকনামা পাঠানো হয়।
১৭ বছরের সংসার ভেঙে যাওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে উল্লেখ করে বলেন, তাকে ‘মানসিকভাবে ভারসাম্যহীন’ প্রমাণের চেষ্টা করা হচ্ছে এবং সামাজিকভাবে হেয় করা হচ্ছে।
তিনি বলেন, “আমি বর্তমানে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছি। আমার ও আমার সন্তানদের ভবিষ্যৎ আজ গভীর সংকটে।”
শারমিন আক্তার নওগাঁর জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন। পাশাপাশি, শিক্ষা প্রতিষ্ঠানের কিছু শিক্ষকও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ করেন তিনি, যা শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত করছে।
এ বিষয়ে তিনি শিগগিরই আইনি পদক্ষেপ গ্রহণ করে লিখিত অভিযোগ দায়ের করবেন বলেও জানান।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬