|
প্রিন্টের সময়কালঃ ০২ মে ২০২৬ ০২:৫৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০২ মে ২০২৬ ১০:৫৮ পূর্বাহ্ণ

ইতালি ও স্পেন থেকে সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের


ইতালি ও স্পেন থেকে সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের


হরমুজ প্রণালীকে কেন্দ্র করে সামরিক উদ্যোগে ইউরোপীয় মিত্রদের সমর্থন না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইতালি ও স্পেন থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি দিয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প অভিযোগ করেন, হরমুজ প্রণালী পুনরায় সচল করার উদ্যোগে ইউরোপীয় দেশগুলো যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে না, যা তিনি ‘অত্যন্ত হতাশাজনক’ বলে উল্লেখ করেন।

ইতালি ও স্পেনের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, এই দুই দেশ থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়ার বিষয়টি তিনি বিবেচনা করছেন। এর আগে জার্মানিতে মোতায়েন সেনা সংখ্যা কমানোর ইঙ্গিতও দিয়েছিলেন তিনি।

এদিকে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে এই টানাপড়েনের পেছনে সাম্প্রতিক কয়েকটি ঘটনার ভূমিকা রয়েছে। ইতালি সিসিলির একটি ঘাঁটি ব্যবহার করে মার্কিন অস্ত্রবাহী বিমানের চলাচলে অনুমতি দেয়নি। অন্যদিকে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ শুরু থেকেই ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র উত্তেজনার বিরোধিতা করে আসছেন এবং যৌথ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতিও দেননি। জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ-এর একটি মন্তব্য নিয়েও অসন্তোষ প্রকাশ করেন ট্রাম্প।

ট্রাম্পের এই বক্তব্যকে ‘অপ্রত্যাশিত’ বলে মন্তব্য করেছেন ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো। তিনি বলেন, সমুদ্র নিরাপত্তা মিশনে ইতালি বরাবরই যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করে আসছে। স্পেনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া না এলেও দেশটি ট্রাম্পের নীতির সমালোচক হিসেবে পরিচিত।

বর্তমানে ইতালিতে প্রায় ১৩ হাজার মার্কিন সেনা বিভিন্ন ঘাঁটিতে অবস্থান করছে। স্পেনেও রোটা নৌঘাঁটি ও মোরোন বিমানঘাঁটিতে প্রায় ৩,৮০০ সেনা মোতায়েন রয়েছে। যুক্তরাষ্ট্রের তথ্য অনুযায়ী, ইউরোপজুড়ে প্রায় ৬৮ হাজার সক্রিয় মার্কিন সেনা রয়েছে, যার বড় অংশ জার্মানিতে অবস্থান করছে।

এদিকে ট্রাম্পের এই হুমকির সমালোচনা করেছেন রিপাবলিকান প্রতিনিধি ডন বেকন। তিনি একে যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেন। উল্লেখ্য, সম্প্রতি পাস হওয়া এক আইনের কারণে প্রেসিডেন্টের একক সিদ্ধান্তে ইউরোপ থেকে বড় পরিসরে সেনা প্রত্যাহার করা এখন আগের তুলনায় কঠিন।

বিশ্লেষকদের মতে, ইউরোপ থেকে সেনা সরিয়ে নেওয়া হলে বৈশ্বিক সামরিক কৌশলে যুক্তরাষ্ট্রের অবস্থান দুর্বল হতে পারে। তবে অনেকেই ট্রাম্পের এই বক্তব্যকে বাস্তব পরিবর্তনের ইঙ্গিতের চেয়ে রাজনৈতিক অবস্থান হিসেবেই দেখছেন। 


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬