জাতীয় গণমাধ্যম সপ্তাহে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
জাতীয় গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।
রোববার (১২ এপ্রিল ২০২৬) দুপুরে কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসানের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর নেতৃবৃন্দ।
আগামী ১ থেকে ৭ মে ১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ-২০২৬ রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির দাবিতে আয়োজিত এ কর্মসূচিতে তৃণমূল পর্যায়ের সাংবাদিকরা অংশ নেন।
স্মারকলিপিতে বলা হয়, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণতন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও দেশের সাংবাদিকরা এখনো কাঙ্ক্ষিত রাষ্ট্রীয় স্বীকৃতি থেকে বঞ্চিত।
এতে আরও উল্লেখ করা হয়, মৎস্য, কৃষি, শিক্ষা, পুলিশ ও অন্যান্য পেশাভিত্তিক সপ্তাহ রাষ্ট্রীয়ভাবে পালিত হলেও সাংবাদিকদের জন্য তেমন কোনো উদ্যোগ নেই। পাশাপাশি সুস্পষ্ট নীতিমালা, সুরক্ষা আইন ও জাতীয় তালিকা না থাকায় পেশাজীবীরা নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন।
স্মারকলিপিতে আন্তর্জাতিকভাবে পালিত ৩ মে “বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস” বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে উদযাপন না হওয়ার বিষয়েও হতাশা প্রকাশ করা হয়।
এ সময় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক মিয়াজীর নেতৃত্বে স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাংবাদিক নেতারা আশা প্রকাশ করেন, সরকারের ইতিবাচক উদ্যোগের মাধ্যমে গণমাধ্যম কর্মীরা তাদের ন্যায্য অধিকার, মর্যাদা ও পেশাগত নিরাপত্তা লাভ করবেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬