|
প্রিন্টের সময়কালঃ ০২ জুলাই ২০২৬ ০৮:৪৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০২ জুলাই ২০২৬ ০৬:৪৭ অপরাহ্ণ

ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল সেবা ও সফটওয়্যার দেশীয় প্রকৌশলীদের উদ্ভাবন: প্রতিমন্ত্রী


ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল সেবা ও সফটওয়্যার দেশীয় প্রকৌশলীদের উদ্ভাবন: প্রতিমন্ত্রী


চট্টগ্রাম ব্যুরো


 

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ভূমি মন্ত্রণালয়ের সব ডিজিটাল সেবা ও সফটওয়্যার বাংলাদেশি প্রকৌশলীদের তৈরি। এছাড়া ভূমি ব্যবস্থাপনায় ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ ও স্বল্পব্যয়ী সফটওয়্যারও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) এক শিক্ষার্থীর উদ্ভাবন।
 

বৃহস্পতিবার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 

চুয়েটের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক ড. মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়াসহ বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, চুয়েটের অনেক গ্র্যাজুয়েট বর্তমানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, কানাডা ও ফ্রান্সসহ বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানে দক্ষতার সঙ্গে কাজ করছেন। নতুন শিক্ষার্থীদেরও সেই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে কঠোর পরিশ্রম, গবেষণামনস্কতা এবং আত্মোন্নয়নের প্রতি মনোযোগী হতে হবে।
 

তিনি আরও বলেন, আত্মবিশ্বাস, দৃঢ়তা ও ইতিবাচক মানসিকতা নিয়ে শিক্ষার্থীদের জীবনের সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। বিশ্ববিদ্যালয় জীবনে সাফল্য-ব্যর্থতা এবং আনন্দ-বেদনা থাকলেও কোনো পরিস্থিতিতেই মাদকের আশ্রয় নেওয়া উচিত নয়। মাদক কখনো সমস্যার সমাধান নয়; বরং এটি মানুষের মেধা, সম্ভাবনা ও ভবিষ্যৎকে ধ্বংস করে দেয়।
 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডিন ড. কাজী দেলোয়ার হোসেন, সিভিল অ্যান্ড এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. আসিফুল হক, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মোহাম্মদ আবু কাউছার, মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মোহাম্মদ মিজানুর রহমান, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন ড. মুহাম্মদ রাশিদুল হাসান এবং রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬