হামলা চালিয়ে ইরান যুদ্ধ থেকে আমাকে সরানো যাবে না: ট্রাম্প
হোয়াইট হাউস করেসপনডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে গুলিবর্ষণের ঘটনার পরও ইরান যুদ্ধ নিয়ে নিজের অবস্থানে অনড় থাকার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এ হামলা তাকে ইরান যুদ্ধে জয়ী হওয়া থেকে বিচ্যুত করতে পারবে না।
শনিবার রাতে ওয়াশিংটন হিলটন হোটেলে এ হামলার ঘটনার পর হোয়াইট হাউসে আয়োজিত জরুরি সংবাদ ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, ‘ইরান যুদ্ধে জয়ী হওয়া থেকে কোনো কিছুই আমাকে আটকাতে পারবে না। আমি জানি না, এ হামলার সঙ্গে যুদ্ধের কোনো সম্পর্ক আছে কি না। তবে এখন পর্যন্ত আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী, আমি মনে করি না, এর পেছনে কোনো যোগসূত্র আছে।’
অবশ্য এর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প কিছুটা সংশয় প্রকাশ করে বলেছিলেন, হামলার পেছনে ইরান যুদ্ধের সংশ্লিষ্টতা আছে কি না, তা ‘বলা মুশকিল’।
হামলাকারীকে একজন ‘লোন উলফ’ বা নিঃসঙ্গ হামলাকারী হিসেবে বর্ণনা করে ট্রাম্প জানান, তদন্তকারীরা হামলার প্রকৃত উদ্দেশ্য খুঁজে বের করার চেষ্টা করছেন।
ট্রাম্প আরো বলেন, তেহরানের আলোচনার প্রস্তাব পছন্দ না হওয়ায় তিনি মার্কিন প্রতিনিধিদের পাকিস্তান সফর বাতিল করেছেন।
প্রায় দুই মাস ধরে ইরানের সঙ্গে চলা যুদ্ধের অবসান ঘটাতে পাকিস্তানের মধ্যস্থতায় একটি শান্তি আলোচনার চেষ্টা চলছে। তবে ট্রাম্পের মতে, তেহরানের বর্তমান অবস্থান আলোচনার জন্য যথেষ্ট ইতিবাচক নয়।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬