|
প্রিন্টের সময়কালঃ ০২ মে ২০২৬ ০৩:০৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০২ মে ২০২৬ ১২:৩৮ অপরাহ্ণ

বাহুবলে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত


বাহুবলে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত


হবিগঞ্জ প্রতিনিধি:


 

হবিগঞ্জের বাহুবল উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত হয়েছে।
 

শুক্রবার (১ মে) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দুপুর ১২টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
 

র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় শ্রমিকদের অধিকার, কর্মক্ষেত্রে নিরাপত্তা, স্বাস্থ্য সুরক্ষা এবং শ্রমিক কল্যাণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
 

উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির মূল চালিকাশক্তি শ্রমজীবী মানুষ। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের পাশাপাশি নিরাপদ কর্মপরিবেশ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
 

সভায় আরও বক্তব্য দেন পল্লী সঞ্চয় ব্যাংক বাহুবল শাখার ব্যবস্থাপক মুহিবুর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সিএনজি শ্রমিক সংগঠনের সভাপতি আব্দুর রকিব, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী শামসুল আলম এবং উপজেলা শ্রমিক দলের সভাপতি সানাউর রহমানসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।
 

বক্তারা শ্রমিকদের ন্যায্য মজুরি, নির্ধারিত কর্মঘণ্টা, পেশাগত স্বাস্থ্য সুরক্ষা এবং দুর্ঘটনামুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকার, মালিকপক্ষ ও শ্রমিকদের সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন।
 

অনুষ্ঠানে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে শ্রমিক অধিকার ও কর্মস্থলের নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬