নারী নিপীড়নের বৈশ্বিক বাস্তবতায় মঞ্চে ‘ঈশ্বর তুমি কোথায়’
বিনোদন প্রতিবেদক
রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমি-এর স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হতে যাচ্ছে থিয়েটার চারণিকের পঞ্চম প্রযোজনা ‘ঈশ্বর তুমি কোথায়’। আগামী ৭ ও ৮ মে নাটকটির ২০তম ও ২১তম প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
নাটকটি একক অভিনয়নির্ভর। এর রচনা ও নির্দেশনা দিয়েছেন জুয়েল কবির। মঞ্চে অভিনয় করবেন সাফিয়া খন্দকার রেখা ও পলি পারভীন। সংগীত পরিচালনা ও পরিবেশনায় রয়েছেন আন্দালিব মোস্তফা লালন। কস্টিউম ডিজাইনে রিবন খন্দকার, মিলনায়তন ব্যবস্থাপনায় সাজেদুল করিম সুজন এবং প্রপস পরিকল্পনায় অতনু সিংহ যুক্ত আছেন। প্রযোজনা অধিকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন মো. রেজাউল করিম রেজা।
নাটকটির মূল উপজীব্য নারী নির্যাতন, শোষণ ও দমন-পীড়নের বৈশ্বিক চিত্র। সমাজ, রাষ্ট্র ও ধর্মীয় কাঠামোর আড়ালে নারীর ওপর চলমান সহিংসতার বিভিন্ন দিক এতে তুলে ধরা হয়েছে। কেন্দ্রীয় চরিত্র তাসমিদা জহুর একটি প্রতীকী রূপে উপস্থিত হয়ে তার জীবনের বেদনা, নির্যাতন ও মৃত্যুর পরও প্রশ্ন তোলার মধ্য দিয়ে দর্শকদের সামনে কঠিন বাস্তবতা উন্মোচন করে।
কাহিনিতে দেখা যায়, তাসমিদাকে পণ্য হিসেবে ব্যবহার করে সমুদ্রপথে পাচার করা হয়। জীবনের শেষ মুহূর্তে মুক্তির আশায় সে স্রষ্টার কাছে ঝড় প্রার্থনা করে, যা শেষ পর্যন্ত তার জীবন কেড়ে নেয়। তবে মৃত্যুর পরও তার প্রশ্ন থেমে থাকে না; বরং আত্মার প্রতীকী উপস্থিতিতে সে নিজের জীবনের নিপীড়ন ও বঞ্চনার কথা তুলে ধরে।
নাটকটির প্রেক্ষাপট নির্দিষ্ট কোনো ভৌগোলিক সীমানায় সীমাবদ্ধ নয়। মিয়ানমার, বাংলাদেশ, ভারত থেকে শুরু করে ইউরোপের বিভিন্ন অঞ্চলে নারীর ওপর চলমান নির্যাতনের প্রতিফলন এতে উঠে এসেছে। ফলে এটি কেবল একটি চরিত্রের গল্প নয়, বরং বিশ্বজুড়ে নিপীড়িত নারীদের সম্মিলিত কণ্ঠস্বর হিসেবে উপস্থাপিত হয়েছে।
প্রদর্শনীতে শিক্ষার্থীরা স্টুডেন্ট আইডি কার্ড প্রদর্শন সাপেক্ষে ১০০ টাকায় টিকিট সংগ্রহ করতে পারবেন। প্রায় ১ ঘণ্টা ১০ মিনিট দৈর্ঘ্যের এই প্রযোজনাটি দর্শকদের সামনে একটি গুরুত্বপূর্ণ মানবিক প্রশ্ন তুলে ধরে—‘ঈশ্বর তুমি কোথায়?’ যা ব্যক্তি অভিজ্ঞতার বাইরে গিয়ে বৃহত্তর সামাজিক বাস্তবতাকে সামনে আনে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬