|
প্রিন্টের সময়কালঃ ১৪ এপ্রিল ২০২৬ ১০:৩৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৪ এপ্রিল ২০২৬ ০১:২২ অপরাহ্ণ

প্রান্তিক কৃষকরা দেশের শক্তি: ধর্মমন্ত্রী কায়কোবাদ


প্রান্তিক কৃষকরা দেশের শক্তি: ধর্মমন্ত্রী কায়কোবাদ


রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:


 




ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তায় কুমিল্লার মুরাদনগরে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ), এমপি।
 

সোমবার সন্ধ্যায় উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন।
 

প্রধান অতিথির বক্তব্যে ধর্মমন্ত্রী বলেন, প্রান্তিক কৃষকরাই দেশের শক্তি এবং তারা আমাদের ‘কলিজার টুকরা’। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের অবদান অপরিসীম। কৃষি খাতের উৎপাদনশীলতা বৃদ্ধি ও টেকসই উন্নয়নে সরকার বিভিন্ন প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
 

তিনি আরও বলেন, আধুনিক প্রযুক্তি ও উন্নত বীজ ব্যবহারের মাধ্যমে কৃষিকে লাভজনক খাতে রূপান্তর করা সম্ভব। এ জন্য প্রযুক্তিনির্ভর চাষাবাদের ওপর গুরুত্বারোপ করে তিনি কৃষকদের স্বাবলম্বী করে তোলার আহ্বান জানান।
 

উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম সারোয়ার রাব্বীর সভাপতিত্বে এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাজহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু।
 

এ সময় আরও বক্তব্য রাখেন কৃষক প্রতিনিধি হেদায়েত হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খান, উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ, পল্লী উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসরুরুল হক, বাঙ্গরা বাজার থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উপজেলার ২২টি ইউনিয়নের কৃষক-কৃষাণীরা।
 

২০২৫–২০২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে উফশী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় মুরাদনগর উপজেলায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এর আওতায় উপজেলার ১৬ হাজার ২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে উন্নতমানের আউশ বীজ ও প্রয়োজনীয় সার বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।
 

প্রতি কৃষককে ১০ কেজি আউশ বীজ, ১০ কেজি ডিএপি এবং ৫ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে। মোট বিতরণ করা হচ্ছে প্রায় ৮১ মেট্রিক টন বীজ এবং ৩২৪ মেট্রিক টন সার।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬