ইনুকে ‘টেনশন না করতে’ বলা দুই কনস্টেবল শাস্তির আওতায়
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামি হাসানুল হক ইনুকে আদালতে আনা-নেওয়ার সময় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দুই কনস্টেবলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে তাদের ট্রাইব্যুনালের নিরাপত্তা দায়িত্ব থেকেও সরিয়ে দেওয়া হয়েছে।
বুধবার ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্ট্রার মাহমুদুল হাসানের স্বাক্ষরিত এক চিঠিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনারের কাছে এ সুপারিশ পাঠানো হয়। অভিযুক্তরা হলেন কনস্টেবল মো. জামাল হোসেন ও কনস্টেবল মো. সোলাইমান হোসেন।
চিঠিতে বলা হয়, গত ২৯ এপ্রিল ইনুকে এজলাস থেকে হাজতখানায় নেওয়া–আনার পথে দুই কনস্টেবল শৃঙ্খলাবহির্ভূত কথাবার্তায় জড়ান। ঘটনাটির ভিডিও ফুটেজে তাদের আচরণ স্পষ্টভাবে ধরা পড়ে, যা ট্রাইব্যুনালের নিরাপত্তা ও বিচারিক কার্যক্রমের জন্য ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করা হয়।
এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নিতে ডিএমপি কমিশনারকে অনুরোধ জানানো হয়েছে।
এর আগে, আদালতে তোলার সময় সাবেক এই মন্ত্রীকে ‘টেনশন না করতে’ বলা সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬