|
প্রিন্টের সময়কালঃ ০৫ মে ২০২৬ ০৯:০০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৫ মে ২০২৬ ০৫:২৩ অপরাহ্ণ

সংখ্যালঘুদের অধিকার রক্ষায় আরও বেশি সচেষ্ট হতে হবে: হাসনাত আবদুল্লাহ


সংখ্যালঘুদের অধিকার রক্ষায় আরও বেশি সচেষ্ট হতে হবে: হাসনাত আবদুল্লাহ


দেবিদ্বার (কুমিল্লা) প্রতি‌নি‌ধি

 

সংখ্যালঘু হিসেবে চিহ্নিত জনগোষ্ঠীর অধিকার রক্ষায় আরও কার্যকর ও আন্তরিক ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিবাচক চিত্র বিশ্ব দরবারে তুলে ধরতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
 

মঙ্গলবার দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
 

তিনি আরও বলেন, “আমাদের সম্প্রীতির বাংলাদেশকে নিয়ে যেসব নেতিবাচক প্রচারণা রয়েছে, তা মোকাবিলা করতে হলে সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে প্রমাণ করতে হবে—এ দেশ সব ধর্ম ও মতের মানুষের নিরাপদ আবাসভূমি।” তার মতে, এটি নিশ্চিত করা গেলে ভারতের নির্বাচন-পরবর্তী সময়ে তৈরি হওয়া নেতিবাচক আশঙ্কাগুলোও আর প্রভাব ফেলবে না।
 

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, জনমনে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ রয়েছে। তাঁর দাবি, অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় সাম্প্রতিক সময়ে অপরাধের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
 

উপজেলা পর্যায়ের সেবামূলক প্রতিষ্ঠানগুলো নিয়ে কঠোর অবস্থান জানিয়ে তিনি বলেন, “সব প্রতিষ্ঠানকে অবশ্যই জনগণের জন্য কাজ করতে হবে। সেবাগ্রহীতা ও সেবাদাতার মাঝে কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীর স্থান থাকতে পারবে না।”
 

জ্বালানি সংকট প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যথাযথ প্রস্তুতির অভাবেই এ সংকট সৃষ্টি হয়েছে। তাঁর দাবি, সরকার পরিবর্তনের পর পরিকল্পনার ঘাটতির কারণে ডিজেল সরবরাহে সমস্যা দেখা দেয় এবং এ সুযোগে একটি সিন্ডিকেট গড়ে ওঠে।
 

সভায় সভাপতিত্ব করেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম। এতে কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী গোলাম মোস্তফা সড়কের কৌশলগত বিভিন্ন দিক তুলে ধরেন।
 

এছাড়া সভায় উপস্থিত ছিলেন সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. সফিকুল ইসলাম ভূঁইয়া, উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ সাইদুল রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬