সীতাকুণ্ডে চাঁদা না পেয়ে বাজার কমিটির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ডে চাঁদা দাবি করে তা না পেয়ে একটি আবাসিক হোটেল ও বাজার ব্যবসায়ীদের লক্ষ্য করে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় সীতাকুণ্ড বাজার কমিটি সংবাদ সম্মেলন করে আসাদুজ্জামান আসাদ ও ইকরাম হোসেন রানার বিরুদ্ধে অভিযোগ তুলেছে।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে সীতাকুণ্ড প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বাজার কমিটির নেতারা দাবি করেন, আসাদুজ্জামান আসাদ ও ইকরাম হোসেন রানা একটি সংঘবদ্ধ চক্র নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের চেষ্টা করে আসছে। সম্প্রতি আবাসিক সাইমুন হোটেলসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি করে ব্যর্থ হলে তারা বাজার কমিটির সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচার শুরু করে।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সীতাকুণ্ড দেশের একটি গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা। এখানে বাঁশবাড়িয়া সমুদ্রসৈকত, গুলিয়াখালী সৈকত, ইকোপার্ক, সহস্রধারা ঝর্ণা এবং চন্দ্রনাথ মন্দিরে প্রতিদিন হাজারো পর্যটক আসেন। অভিযোগ রয়েছে, সন্ধ্যার পর এসব এলাকায় দুর্বৃত্তরা পর্যটকদের জিম্মি করে অর্থ হাতিয়ে নিচ্ছে, যা এলাকার ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।
বাজার কমিটির পক্ষ থেকে জানানো হয়, এসব চাঁদাবাজি ও অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের সহায়তায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি সীতাকুণ্ডকে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের কবল থেকে মুক্ত রাখতে সাংবাদিকদের সহযোগিতাও কামনা করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছালে আহমদ সলু, সীতাকুণ্ড বাজার কমিটির সভাপতি নাছির উদ্দীন ভুঁইয়া, সহ-সভাপতি নুর মোহাম্মদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রফিক, সহ-সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দীনসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া সমাজকল্যাণ সম্পাদক মো. আবু তাহের, দপ্তর সম্পাদক ম্রীধাম মাস্টার, ক্রীড়া সম্পাদক মোহন চন্দ্র দে, সহ-দপ্তর সম্পাদক নুর উদ্দিন এবং সদস্য মহিদুল আরম আবির প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬