|
প্রিন্টের সময়কালঃ ১২ এপ্রিল ২০২৬ ০৫:২৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১২ এপ্রিল ২০২৬ ০২:১৪ অপরাহ্ণ

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ


প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ


প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে শেরপুর ও বগুড়ার দুই আসনের নবনির্বাচিত দুই এমপি ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন।

রবিবার বেলা ১২টায় জাতীয় সংসদ ভবনের পঞ্চম তলায় স্পিকারের কক্ষে এই শপথ অনুষ্ঠিত হয়।

সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ নবনির্বাচিত শেরপুর-৩ আসনের মো. মাহমুদুল হক রুবেল এবং বগুড়া-৬ আসনের রেজাউল করিম বাদশাকে শপথবাক্য পাঠ করান।

শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল, প্রধান হুইপ নূরুল ইসলাম মনি, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু এবং সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন উপস্থিত ছিলেন।

স্পিকারের কাছে শপথ নেওয়ার পর দুই সংসদ সদস্য রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর এবং স্পিকারের সাথে করমর্দন করেন।

গত ১২ ফেব্রুয়ারি এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনে নির্বাচন সম্পন্ন হয়েছিল। শেরপুর-৩ আসনে একজন বৈধ প্রার্থী মৃত্যুবরণ করায় নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।

ঢাকা-১৭ এবং বগুড়া-৬ আসনে বিজয়ী তারেক রহমান বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন। গত ৯ এপ্রিল স্থগিত হওয়া শেরপুর-৩ আসনে নির্বাচন এবং বগুড়া-৬ আসনে উপনির্বাচন হয়। গতকাল বিজয়ী দুই সদস্যের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

এর আগে ১৭ ফেব্রুয়ারি এয়োদশ সংসদ নির্বাচনে ২৯৭ আসনে বিজয়ী এমপিরা শপথ নেন। বিগত সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার না থাকায় নতুন সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

সব মিলিয়ে এই পর্যন্ত ২৯৮ জন সংসদ সদস্য শপথ নিলেন। বাকি চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফল গণনা হলেও আদালতের নির্দেশনা থাকায় তা ঘোষণা করা হয়নি। প্রার্থিতা নিয়ে মামলার নিষ্পত্তি শেষে সেই ফল ঘোষণা করা হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬