ফ্লোরিডায় নিহত শিক্ষার্থীদের পরিবার ন্যায়বিচার পাবে
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি দুই শিক্ষার্থীর পরিবার সুষ্ঠু বিচার পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি জানিয়েছেন, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের লক্ষ্যে বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে।
সোমবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিহত শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ গ্রহণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘দুই শিক্ষার্থী হত্যার বিচারের বিষয়ে আমরা মার্কিন প্রশাসনের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছি। সরকার এ ক্ষেত্রে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। আমরা আশা করছি, এই অপরাধের সঙ্গে জড়িতরা উপযুক্ত শাস্তি পাবে এবং নিহতের পরিবার ন্যায়বিচার পাবে।’ তিনি আরও যোগ করেন, সরকার সব সময় এই শোকাতুর পরিবারগুলোর পাশে থাকবে।
সোমবার সকাল ৮টা ৪০ মিনিটে নিহত জামিল আহমেদ লিমনের মরদেহবাহী বিমানটি ঢাকায় অবতরণ করে। লিমনের মরদেহ উদ্ধারের পর থেকে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস এবং মায়ামিতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল সব ধরনের আইনি ও দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন করে। এর আগে ফ্লোরিডার টাম্পায় লিমনের জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
একই ঘটনায় প্রাণ হারানো অপর শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে আনার প্রক্রিয়াও বর্তমানে চলমান রয়েছে। ১ মে হিলসবোরো কাউন্টির শেরিফ অফিস বৃষ্টির মরদেহ শনাক্ত করার পর মায়ামি কনস্যুলেট পরিবারের সম্মতিতে মরদেহটি দেশে পাঠানোর কাজ শুরু করেছে।
ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা জানিয়েছেন, আগামী ৬ মে (বুধবার) ফ্লোরিডার টাম্পায় বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর দ্রুততম সময়ের মধ্যে তাঁর মরদেহ ঢাকায় পাঠানো হবে। পুরো বিষয়টি ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস এবং মায়ামি কনস্যুলেটের মাধ্যমে সমন্বয় করা হচ্ছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬