|
প্রিন্টের সময়কালঃ ২৮ এপ্রিল ২০২৬ ০৭:৪৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৮ এপ্রিল ২০২৬ ০৪:৩০ অপরাহ্ণ

মাদক নিয়ন্ত্রণে বহুমুখী অভিযান জোরদার : কিশোর গ্যাং ও অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ


মাদক নিয়ন্ত্রণে বহুমুখী অভিযান জোরদার : কিশোর গ্যাং ও অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ


স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, মাদক নিয়ন্ত্রণে বহুমুখী অভিযান জোরদার এবং কিশোর গ্যাং ও অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, দেশে মাদকের বিস্তার শুধু ব্যক্তিজীবন নয়, বরং সামগ্রিক সমাজব্যবস্থার জন্যও গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে।

আজ সংসদে পটুয়াখালী-২ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সদস্য মো. শফিকুল ইসলামের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকের প্রভাবে কিশোর গ্যাং, চুরি, ছিনতাই ও রাহাজানির মতো অপরাধ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এসব অপরাধ প্রতিরোধে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ব্যক্তি, পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য।

স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং তথ্যভিত্তিক নিয়মিত ও বিশেষ অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে। সড়ক ও মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে দিন-রাত টহল জোরদার করা হয়েছে। 

তিনি বলেন, স্পর্শকাতর এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহন ও যাত্রীদের তল্লাশি করা হচ্ছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন এবং আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারের কার্যক্রম চালু রয়েছে। 

পুলিশের বডি-ওয়ার্ন ক্যামেরা ব্যবহারও এই প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও কার্যকর করছে বলে জানান সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জনসচেতনতা বাড়াতে বিভিন্ন সভা, সেমিনার, কর্মশালা, উঠান বৈঠক, কমিউনিটি পুলিশিং ও ওপেন হাউজ ডে আয়োজন করা হচ্ছে। 

তিনি বলেন, বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমেও স্থানীয় পর্যায়ে মাদকবিরোধী নজরদারি জোরদার করা হয়েছে।

সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সার্বক্ষণিক টহল ও নজরদারি বাড়িয়েছে এবং অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে যৌথ অভিযানও পরিচালিত হচ্ছে বলে তিনি জানান।

মন্ত্রী জানান, এপ্রিল ২০২৫ থেকে মার্চ ২০২৬ পর্যন্ত সময়ে বিজিবি বিপুল পরিমাণ মাদক জব্দ করেছে এবং ১ হাজার ৯২২ জনকে আটক করে ১ হাজার ৭৭১টি মামলা দায়ের করেছে। 

তিনি বলেন, জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে এক কোটির বেশি ইয়াবা, বিপুল পরিমাণ ফেন্সিডিল, গাঁজা, বিদেশি মদ, বিয়ার, ক্রিস্টাল মেথ, কোকেন ও এলএসডি।

এ সময় মন্ত্রী আরও বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সচেতনতা কার্যক্রম জোরদার করেছে। প্রতিটি জেলায় মাদকবিরোধী কর্মশালা ও গণশুনানির আয়োজন করা হচ্ছে এবং শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কমিটি গঠন করা হয়েছে। 

পাশাপাশি মাদকাসক্তদের জন্য মানসিক চিকিৎসা ও কাউন্সেলিং সেবা প্রদান করা হচ্ছে বলেও জানান তিনি।

অন্যদিকে, সমাজকল্যাণ মন্ত্রণালয় ঝুঁকিপূর্ণ শিশু ও কিশোরদের পুনর্বাসনে কাজ করছে উল্লেখ করে স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, সমন্বিত শিশু পুনর্বাসন কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন কেন্দ্রে পথশিশুদের আশ্রয়, শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে বিকল্প জীবিকার সুযোগ তৈরি করা হচ্ছে, যাতে তারা অপরাধমুখী পথ থেকে ফিরে আসতে পারে।

এ সময় সালাহউদ্দিন আহমদ আরও বলেন, মাদক ও সংশ্লিষ্ট অপরাধ দমনে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়— এর জন্য প্রয়োজন পরিবার, সমাজ ও রাষ্ট্রের সমন্বিত ও টেকসই উদ্যোগ।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬