কুমিল্লায় মোটরসাইকেল থেকে পড়ে শিশুর মৃত্যু
কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৩ মে) সকাল ১০টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার পৌরসভার বানিয়াপাড়া এলাকায় আজগর আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. খালিদ হোসেন (৮) উপজেলার রসুলপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের সাবেক পুলিশ কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন স্বপনের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, পৌর এলাকার বাবুস সালাম নামের একটি হাফিজিয়া মাদ্রাসা থেকে বাবার সঙ্গে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল খালিদ। পথে ভাঙাচোরা সড়কের ঝাঁকুনিতে সে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায়। এ সময় পেছন থেকে আসা একটি কভার্ড ভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাবুস সালাম মাদ্রাসার শিক্ষক মো. আবু সাঈদ জানান, মোয়াজ্জেম হোসেন সম্প্রতি মাদ্রাসাটিতে দাপ্তরিক দায়িত্বে যোগ দিয়েছেন। সেই সূত্রে খালিদও নিয়মিত বাবার সঙ্গে মাদ্রাসায় যাতায়াত করত, যদিও সে এখনো সেখানে ভর্তি হয়নি।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬