|
প্রিন্টের সময়কালঃ ০৪ মে ২০২৬ ০১:৩৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৪ মে ২০২৬ ১০:৪৯ পূর্বাহ্ণ

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে আজ চতুর্থ সাক্ষীর সাক্ষ্যদান


শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে আজ চতুর্থ সাক্ষীর সাক্ষ্যদান


র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুম ও অমানবিক নির্যাতনের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন চতুর্থ সাক্ষী।

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, আজ একজন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করা হবে। এর আগে গত ২২ এপ্রিল তৃতীয় সাক্ষী হিসেবে মাসরুর আনোয়ার চৌধুরীর সাক্ষ্যদান সম্পন্ন হয় এবং আসামিপক্ষ ও স্টেট ডিফেন্সের আইনজীবীরা তাঁকে জেরা করেন। জেরা সম্পন্ন হওয়ার পর ট্রাইব্যুনাল পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আজকের দিনটি নির্ধারণ করেছিলেন।

গুমের এই মামলায় ইতোমধ্যে ১০ জন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে, যাঁরা বর্তমানে ঢাকা সেনানিবাসের সাব-জেলে বন্দি রয়েছেন। গ্রেপ্তারকৃতরা হলেন- র‍্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, কর্নেল কেএম আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, কর্নেল আনোয়ার লতিফ খান (পিআরএল), র‍্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক কর্নেল মো. মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন এবং লেফটেন্যান্ট কর্নেল মো. সারোয়ার বিন কাশেম। 

মামলায় শেখ হাসিনা ছাড়াও পলাতক অন্যান্য অভিযুক্তরা হলেন- সাবেক প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, র‍্যাবের সাবেক ডিজি এম খুরশিদ হোসেন, সাবেক মহাপরিচালক ব্যারিস্টার হারুন অর রশিদ এবং র‍্যাবের সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. খায়রুল ইসলাম।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬