|
প্রিন্টের সময়কালঃ ১৫ এপ্রিল ২০২৬ ০১:৫৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৩ এপ্রিল ২০২৬ ০৪:৩৮ অপরাহ্ণ

সীতাকুণ্ডে আবুল খায়ের স্টিল মিলে ডাকাতি চেষ্টা, তিনজন আটক


সীতাকুণ্ডে আবুল খায়ের স্টিল মিলে ডাকাতি চেষ্টা, তিনজন আটক


সীতাকুণ্ড প্রতিনিধি:


চট্টগ্রামের সীতাকুণ্ডে আবুল খায়ের স্টিল মেল্টিং লিমিটেড কারখানায় ডাকাতির চেষ্টাকালে তিনজনকে আটক করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে শীতলপুর এলাকায় অবস্থিত কারখানাটিতে ২০-২৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল হামলা চালায়।

কারখানার পূর্ব পাশ দিয়ে প্রবেশ করে ডাকাতরা ভেতর থেকে তামা, পিতল, মোটর ও বৈদ্যুতিক ক্যাবলসহ বিভিন্ন মালামাল লুট করে পালানোর চেষ্টা করে। এ সময় দায়িত্বরত আনসার সদস্যরা বাধা দিলে ডাকাত দল তাদের ওপর হামলা চালায়।

আত্মরক্ষার্থে আনসার সদস্যরা চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। এতে ডাকাতরা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করলে আনসার প্লাটুন কমান্ডার (পি.সি) মো. স্বপন বেপারীর নেতৃত্বে একটি দল ধাওয়া করে তিনজনকে আটক করে।

আটককৃতদের কাছ থেকে লুট করা কিছু বৈদ্যুতিক ক্যাবল এবং দেশীয় অস্ত্র (কিরিচ ও রামদা) উদ্ধার করা হয়েছে। তবে বাকিরা কিছু মালামাল নিয়ে পালিয়ে গেছে।

ঘটনার পর কারখানার নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

উল্লেখ্য, এর আগেও গত রমজান মাসে একই কারখানায় ৩০-৪০ জনের একটি দল ডাকাতির চেষ্টা চালায় এবং অফিসে ভাঙচুর করে। সে সময় স্থানীয়দের উপস্থিতিতে ডাকাতরা পালিয়ে যায়।

এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬