বলিউড অভিনেতা ভরত কাপুর আর নেই
বিনোদন ডেস্ক
মুম্বাই, সোমবার: বলিউডের এক সময়ের দাপুটে অভিনেতা ভরত কাপুর আর নেই। সোমবার দুপুর ৩টার দিকে মুম্বাই-এর নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
ভারতীয় সংবাদমাধ্যমকে অভিনেতা অবতার গিল জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ভরত কাপুর। গত তিন দিন ধরে তিনি গুরুতর অসুস্থ ছিলেন এবং তার একাধিক অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে যায়।
থিয়েটারের মঞ্চ থেকে অভিনয় জীবন শুরু করেন ভরত কাপুর। পরে সত্তরের দশকে হিন্দি চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। তাকে চলচ্চিত্রে নিয়ে আসেন নির্মাতা চেতন আনন্দ। প্রায় তিন দশক ধরে তিনি বলিউডে পার্শ্বচরিত্রে নিয়মিত অভিনয় করে নিজস্ব অবস্থান তৈরি করেন।
তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘নুরি’, ‘রাম বলরাম’, ‘লাভ স্টোরি’, ‘বাজার’, ‘গোলামি’, ‘আখরি রাস্তা’, ‘সত্যমেব জয়তে’, ‘স্বর্গ’, ‘খুদা গাওয়া’ ও ‘রং’। এছাড়া ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘মীনাক্ষ্মী: আ টেল অব থ্রি সিটিস’ চলচ্চিত্রেও অভিনয় করেন তিনি।
চলচ্চিত্রের পাশাপাশি ছোট পর্দাতেও ছিলেন সমান জনপ্রিয়। ‘ক্যাম্পাস’, ‘সাঁস’, ‘আমানত’, ‘তারা’ ও ‘চুনৌতি’সহ একাধিক টেলিভিশন ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন এই অভিনেতা।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬