|
প্রিন্টের সময়কালঃ ২৭ এপ্রিল ২০২৬ ০৭:১৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৭ এপ্রিল ২০২৬ ০৪:৪৪ অপরাহ্ণ

ইউনূসের ‘ভিভিআইপি’ মর্যাদার মেয়াদ ৬ মাস কমল


ইউনূসের ‘ভিভিআইপি’ মর্যাদার মেয়াদ ৬ মাস কমল


নিউজ ডেস্ক, ঢাকা প্রেস


 

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস-এর ‘ভেরি ভেরি ইমপরট্যান্ট পারসন’ (ভিভিআইপি) মর্যাদার মেয়াদ ছয় মাস কমানো হয়েছে। ফলে আগামী ১০ আগস্টের পর তিনি আর এ মর্যাদা ভোগ করবেন না এবং পরবর্তীতে সাধারণ নাগরিক হিসেবে বিবেচিত হবেন।
 

সরকারের উচ্চপর্যায়ের একাধিক সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, পূর্বে জারি করা প্রজ্ঞাপনে তাকে এক বছরের জন্য ভিভিআইপি মর্যাদা দিয়ে বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) সুরক্ষা দেওয়ার কথা থাকলেও তা পুনর্বিবেচনা করে মেয়াদ ছয় মাসে নামিয়ে আনা হয়েছে। সেই অনুযায়ী, তিনি আগামী ১০ আগস্ট পর্যন্ত এ সুবিধা ভোগ করবেন।
 

সূত্র আরও জানায়, চলতি বছরের ১০ ফেব্রুয়ারি জারি করা প্রজ্ঞাপনে দায়িত্ব হস্তান্তরের তারিখ থেকে এক বছরের জন্য তাকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করা হয়েছিল। তবে বিশেষ নিরাপত্তা বাহিনী আইনের আওতায় এ সিদ্ধান্ত পুনর্মূল্যায়ন করে সময়সীমা কমানো হয়।
 

ভিভিআইপি মর্যাদার আওতায় বর্তমানে তার বাসভবন ও কর্মস্থলে এসএসএফ সদস্যরা নিরাপত্তা দায়িত্ব পালন করছেন। এছাড়া তার উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে নিরাপত্তা তল্লাশি এবং দেশ-বিদেশে সফরের সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে।
 

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে দায়িত্ব গ্রহণের পর প্রায় দেড় বছর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন শেষে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে পদত্যাগ করেন অধ্যাপক ইউনূস। দায়িত্ব ছাড়ার কয়েকদিন আগে নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা সংক্রান্ত গেজেট জারি করা হয়েছিল।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬