|
প্রিন্টের সময়কালঃ ২২ এপ্রিল ২০২৬ ০৭:৪৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ এপ্রিল ২০২৬ ০৪:৩৯ অপরাহ্ণ

মনিরা শারমিনের মনোনয়ন স্থগিত


মনিরা শারমিনের মনোনয়ন স্থগিত


সংরক্ষিত নারী আসনে অংশগ্রহণের লক্ষ্যে জমা দেওয়া এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়নপত্র স্থগিত করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন।

 

বুধবার (২২ এপ্রিল) প্রাথমিকভাবে তার দাখিলকৃত মনোনয়ন যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। নির্বাচন ভবনের অডিটরিয়ামে রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খান এই সিদ্ধান্ত দেন।

 

তিনি আরো জানান, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ১১ দলের ১৩টি মনোনয়নপত্রের মধ্যে ১২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়েছে। আর মনিরা শারমিনের মনোনয়নপত্র বাছাই স্থগিত করা হয়েছে।

 

নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তা সূত্রে জানা গেছে, নিয়ম অনুযায়ী সব প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হচ্ছে এবং কোনো প্রকার ত্রুটি পাওয়া গেলে বিধি অনুসারে ব্যবস্থা নেওয়া হয়।

 

এদিকে নারী আসনে এনসিপির মনোনীত প্রার্থী মনিরা শারমিনের প্রার্থিতা নিয়ে আইনি জটিলতা তৈরি হওয়ায় বিকল্প হিসেবে নুসরাত তাবাসসুমকে বেছে নেয় দলটি।

 

মনিরা শারমিন বর্তমানে এনসিপির যুগ্ম আহ্বায়ক পদে থাকলেও তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের একজন সাবেক কর্মকর্তা ছিলেন।

 

তিনি ২০২৫ সালে সরকারি চাকরি থেকে পদত্যাগ করেন। নির্বাচন কমিশনের বিদ্যমান নিয়ম অনুযায়ী, কোনো সরকারি বা সামরিক কর্মকর্তা পদত্যাগ বা অবসরের তিন বছর পূর্ণ না হওয়া পর্যন্ত নির্বাচনে প্রার্থী হতে পারেন না।

 

মনিরা শারমিনের ক্ষেত্রে এই সময়সীমা পূর্ণ না হওয়ায় তাঁর প্রার্থিতা বাতিলের জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে নুসরাত তাবাসসুমকে সংরক্ষিত আসনের জন্য মনোনীত করা হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬