|
প্রিন্টের সময়কালঃ ০২ মে ২০২৬ ০৫:১৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০২ মে ২০২৬ ০২:৩৮ অপরাহ্ণ

পানির ভবিষ্যৎ সংকট মোকাবিলায় খাল খনন কর্মসূচি


পানির ভবিষ্যৎ সংকট মোকাবিলায় খাল খনন কর্মসূচি


প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জলাবদ্ধতা নিরসন এবং শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণের লক্ষ্যে দেশব্যাপী খাল খনন কর্মসূচি গ্রহণ করেছে সরকার। পানির সঠিক ব্যবহার নিশ্চিত করতে এবং ভবিষ্যৎ সংকট মোকাবিলায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার দুপুরে সিলেট সিটি করপোরেশন প্রাঙ্গণে আয়োজিত এক সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

এর আগে সকালে ঢাকা থেকে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিলেটে পৌঁছে হজরত শাহজালাল (রা.) এর মাজার জিয়ারত করেন প্রধানমন্ত্রী। পরে সুরমা নদীর তীরবর্তী চাঁদনীঘাট এলাকায় সিলেট সিটি করপোরেশন আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন তিনি। 

অনুষ্ঠানে সিলেট নগরকে বন্যা ও দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা থেকে সুরক্ষা দিতে প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকা ব্যয়ে একটি মেগা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সরকারপ্রধান।

এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী জোবাইদা রহমান, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরীসহ মন্ত্রী, সংসদ সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সফরসূচির অংশ হিসেবে বাসিয়া নদী খনন কার্যক্রম পরিদর্শন, সিলেট জেলা স্টেডিয়ামে নতুনকুঁড়ি স্পোর্টস কর্মসূচির উদ্বোধন এবং বিকেলে দলীয় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

উল্লেখ্য, এর আগে গত ২১ জানুয়ারি সিলেট সফর করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরদিন ২২ জানুয়ারি সিলেট আলিয়া মাদরাসা মাঠ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করেছিলেন তিনি।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬