|
প্রিন্টের সময়কালঃ ০৫ মে ২০২৬ ০৯:০৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৫ মে ২০২৬ ০৩:৪৩ অপরাহ্ণ

দুর্ঘটনায় আহত ‘নতুন কুঁড়ি’র ফুটবলার, চিকিৎসার দায়িত্ব নিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী


দুর্ঘটনায় আহত ‘নতুন কুঁড়ি’র ফুটবলার, চিকিৎসার দায়িত্ব নিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী


ক্রীড়া প্রতিবেদক


 

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় আহত ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতার খুদে ফুটবলার সোহাদার চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
 

মঙ্গলবার সকালে ঢাকার জাতীয় নিউরোসায়েন্স হাসপাতালে গিয়ে সোহাদার শারীরিক অবস্থার খোঁজ নেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে সর্বশেষ অবস্থা সম্পর্কে অবগত হন এবং প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন।
 

জানা যায়, গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ভাইয়াশুতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সোহাদা শহীদ বরকত স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় অংশ নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়। পরে তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকার জাতীয় নিউরোসায়েন্স হাসপাতালে স্থানান্তর করা হয়।
 

হাসপাতালে সোহাদাকে সাহস জোগাতে প্রতিমন্ত্রী বলেন, “তুমি মাঠের লড়াকু খেলোয়াড়। এই লড়াইয়েও জয়ী হতে হবে। আমরা সবাই তোমার পাশে আছি।”
 

এদিকে সোহাদার পরিবারের উদ্বেগ কমাতে প্রতিমন্ত্রী জানান, তার সুস্থতা না হওয়া পর্যন্ত চিকিৎসার সব ব্যয় ব্যক্তিগতভাবে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে বহন করা হবে। পাশাপাশি চিকিৎসায় যেন কোনো ধরনের অবহেলা না হয়, সে বিষয়েও সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬