|
প্রিন্টের সময়কালঃ ০৫ মে ২০২৬ ১০:০৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৫ মে ২০২৬ ০৬:৪৬ অপরাহ্ণ

চুরির অপবাদে যুবককে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল


চুরির অপবাদে যুবককে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল


মৌলভীবাজার প্রতিনিধি:

 

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় চুরির অভিযোগ তুলে এক যুবককে হাত-পা বেঁধে দীর্ঘ সময় নির্যাতনের অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার শহীদনগর বাজারে এ ঘটনা ঘটে। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
 

নির্যাতনের শিকার ইমদাদুল হক ইমন (২৮) নামে ওই যুবককে পরে স্থানীয় এক ইউপি সদস্য উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
 

পরিবারের অভিযোগ, ইমন পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক। সম্প্রতি শহীদনগর বাজারের একটি ওয়ার্কশপে নিজের অটোরিকশা মেরামত করান। এরপর ওই ওয়ার্কশপের মালিকের সাড়ে ৭ হাজার টাকা চুরির অভিযোগ তুলে তাকে বাজার থেকে ধরে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে হাত-পা বেঁধে কয়েকজন মিলে প্রায় দুই ঘণ্টা ধরে মারধর করা হয়। একপর্যায়ে তার কাছ থেকে জোর করে স্বীকারোক্তি আদায় করা হয় এবং ৪ হাজার ২০০ টাকা নেওয়া হয় বলে অভিযোগ।
 

ভুক্তভোগীর ভাই খালেদুর রহমান দাবি করেন, তার ভাই চুরি করেননি। বরং একটি চক্র তাকে জাল টাকার ব্যবসায় জড়ানোর চেষ্টা করে। এতে রাজি না হওয়ায় পরিকল্পিতভাবে তাকে ফাঁসানো হয়েছে। তিনি অভিযোগ করেন, উদ্ধার করতে গেলে তাকেও মারধর করা হয় এবং সাদা কাগজে ইমনের স্বাক্ষর নেওয়া হয়।
 

অভিযোগের বিষয়ে অভিযুক্ত জয়নাল মিয়া বলেন, ইমন চুরির সঙ্গে জড়িত। তাকে আটকের পর কয়েকজন মারধর করেছে। তবে তার দাবি, সামাজিক মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে শুধু তার ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, আসন্ন বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অংশ নেওয়ায় তাকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে।
 

স্থানীয় ইউপি সদস্য তোয়াবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি ইমনকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন। তিনি বলেন, ওই সময় নির্যাতনের বিষয়টি কেউ তার কাছে উল্লেখ করেনি। ইমনের কাছ থেকে নেওয়া অর্থ প্রতিপক্ষকে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
 

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে এবং স্থানীয়ভাবে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬