|
প্রিন্টের সময়কালঃ ২৮ এপ্রিল ২০২৬ ০৩:৫৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৮ এপ্রিল ২০২৬ ১১:৫২ পূর্বাহ্ণ

চান্দগাঁওয়ে পুলিশের অভিযানে ২৩ লাখ টাকা উদ্ধার, মূলহোতা গ্রেফতার


চান্দগাঁওয়ে পুলিশের অভিযানে ২৩ লাখ টাকা উদ্ধার, মূলহোতা গ্রেফতার


চট্টগ্রাম প্রতিনিধি:

 

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) চান্দগাঁও থানা পুলিশের অভিযানে চোরাইকৃত বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার এবং একটি চোরচক্রের মূলহোতাকে গ্রেফতার করা হয়েছে।
 

পুলিশ জানায়, ভুক্তভোগী মো. কামরুল ইসলাম (২৫) গত ২৬ এপ্রিল চান্দগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, ২৫ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টার মধ্যে কোনো এক সময় অজ্ঞাতনামা চোরেরা চান্দগাঁও থানাধীন সিএন্ডবি মোড় এলাকার ক্লিউইস্টন সিএনজি স্টেশনের অফিস কক্ষের পেছনের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে তারা স্টিলের আলমারির লকার ভেঙে ২৬ লাখ ২৯ হাজার ৩৫২ টাকা চুরি করে নিয়ে যায়।
 

এ ঘটনায় ২৬ এপ্রিল চান্দগাঁও থানায় পেনাল কোডের ৪৫৭/৩৮০ ধারায় মামলা (নং-২৭) দায়ের করা হয়।
 

ঘটনার পর চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর হোসেন মামুনের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করা হয়। টিমে এসআই মোহাম্মদ আমির হোসেন, এসআই হৃদয় মাহমুদ লিটন ও এএসআই মো. মিজানুর রহমানসহ অন্যান্য সদস্যরা নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।
 

পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার এলাকায় অভিযান চালিয়ে চোরচক্রের মূলহোতা মো. ইউনুছ রনি (৩৭)-কে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
 

তার দেওয়া তথ্যের ভিত্তিতে দক্ষিণ মোহরা এলাকার কবির টাওয়ারের পেছনে ঝোপঝাড় থেকে দুইটি প্লাস্টিকের বস্তায় লুকানো অবস্থায় ২৩ লাখ ৭৩ হাজার ৫১০ টাকা উদ্ধার করা হয়।

 


 

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬