|
প্রিন্টের সময়কালঃ ১৪ এপ্রিল ২০২৬ ১০:৩৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৪ এপ্রিল ২০২৬ ০২:২১ অপরাহ্ণ

মুরাদনগরে যুবকের গলাকাটা লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য


মুরাদনগরে যুবকের গলাকাটা লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য


★নেশার অন্ধকারে ডুবে থাকা যুবকের করুণ পরিণতি, নৃশংস হত্যায় শঙ্কিত এলাকাবাসী

 

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:




কুমিল্লার মুরাদনগর উপজেলায় এরশাদ মিয়া (৩২) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরে উপজেলার রামচন্দ্রপুর (উত্তর) ইউনিয়নের বি চাপিতলা গ্রামে একটি মাঠে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে বাঙ্গরা বাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
 

নিহতের পরিবার জানায়, এরশাদ মিয়া আগে পেশায় গাড়িচালক ছিলেন। তবে কয়েক বছর ধরে তিনি মাদকাসক্ত হয়ে পড়েন এবং তার আচরণে অস্থিরতা দেখা দেয়। পরিবারের পক্ষ থেকে তাকে সুপথে ফেরাতে বিভিন্নভাবে চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। ব্যক্তিগত জীবনেও এর প্রভাব পড়ে; তার দাম্পত্য সম্পর্ক ভেঙে যায় বলে জানা গেছে।
 

স্থানীয়দের দাবি, এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়; বরং পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। নিহতের চলাফেরা ও কিছু কার্যকলাপ নিয়ে এলাকায় আগে থেকেই আলোচনা ছিল বলে জানিয়েছেন তারা।
 

স্থানীয় জনপ্রতিনিধি মোমেন মেম্বার বলেন, এরশাদকে আগে একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছিল। তবুও তার অবস্থার উন্নতি হয়নি। তিনি এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।
 

ঘটনাস্থল পরিদর্শন করেছেন মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম কামরুজ্জামান।
 

বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
 

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬