ভৈরবে আম পাড়াকে কেন্দ্র করে সংঘর্ষে নারী-পুরুষসহ আহত ৩০
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারী ও পুরুষসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৫ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শ্রীনগর ইউনিয়নের বধূনগর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নবাবের বাড়ির বংশ ও একই এলাকার ফর্সার বাড়ির বংশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে উভয় পক্ষের ২৩ জন ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। গুরুতর আহতদের মধ্যে মিজান (৩৬), শরীফ মিয়া (১৯) ও চান মিয়া (৪০)-কে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আব্দুল করিম। বাকি আহতরা বিভিন্ন প্রাইভেট ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
আহতদের তালিকায় রয়েছেন মিজান, শরীফ মিয়া, চান মিয়া, মামুন, জেসমিন, জুনায়েদ, বিজয়, ইয়াছিন, রবিন, ইয়ামিন, তরুণ মিয়া, শাওন, ফরহাদ, বুরহান, আনোয়ারা, সাইদুল, আবির, শামীম, শিরিনা, জিহাদ, আক্তার, ফুল মিয়া ও জুয়েল মিয়া।
এলাকাবাসী জানান, ৩ মে বিকেলে ফর্সার বাড়ির আয়তুল মিয়ার আম গাছে ঢিল মারাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় নবাবের বাড়ির বিজয় মিয়া, শাওন মিয়াসহ কয়েকজনের সঙ্গে গাছের মালিকের ছেলে মোখলেস মিয়ার কথা কাটাকাটি হয়। স্থানীয়রা বিষয়টি মীমাংসা করলেও দুই পক্ষের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে উভয় পক্ষ দা, বল্লম, টেঁটা, লাঠিসোটা ও ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
নবাবের বাড়ির পক্ষের তোফাজ্জল হোসেন অভিযোগ করে বলেন, “আমাদের ওপর ফর্সার বাড়ির লোকজন অতর্কিত হামলা চালিয়েছে। আমাদের ২০ জন আহত হয়েছেন।”
অন্যদিকে ফর্সার বাড়ির ফুল মিয়া বলেন, “আমাদের গাছে ঢিল মারার ঘটনা থেকে বিরোধ শুরু হয়। পরে তারা আমাদের দুইজনকে মারধর করে। সকালে কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে।”
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ বলেন, “তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, ভৈরবে সাম্প্রতিক সময়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের প্রবণতা বাড়ছে, যা সামাজিক অবক্ষয়ের ইঙ্গিত দিচ্ছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬