|
প্রিন্টের সময়কালঃ ০২ মে ২০২৬ ০৮:৪৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০২ মে ২০২৬ ০৬:০৮ অপরাহ্ণ

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার


এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার


প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে চিকিৎসাসেবায় অপ্রতুলতা রয়েছে এবং উন্নত দেশগুলোর মতো সেবা নিশ্চিত করাও সম্ভব নয়। তাই রোগ প্রতিরোধে মানুষকে সচেতন করতে হবে। এ জন্য এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যাদের ৮০ শতাংশই (৮০ হাজার) নারী হবেন। 

শনিবার দুপুরে সিলেট নগরের সুরমা নদীর দুই তীরে সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধ অবকাঠামো নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে নগর ভবনে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরিকল্পনার কথা তুলে ধরেন।

প্রধানমন্ত্রী বলেন, এই স্বাস্থ্যকর্মীরা গ্রাম ও শহর উভয় জায়গায় কাজ করবেন। তারা বাড়ি বাড়ি গিয়ে বিশেষ করে নারীদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করবেন। কোন ধরনের খাবার হৃদরোগ বা কিডনি রোগের ঝুঁকি কমায়, এসব বিষয়ে সাধারণ মানুষকে ধারণা দেওয়া হবে। মানুষ আগে থেকেই সচেতন হলে অসুস্থতার হার কমবে এবং চিকিৎসা ব্যবস্থার ওপর চাপও হ্রাস পাবে।

তিনি আরও জানান, দেশের বিভিন্ন স্থানে বন্ধ হয়ে থাকা কলকারখানাগুলো দ্রুত চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রয়োজনে সেগুলো বেসরকারি ব্যবস্থাপনায় দেওয়া হবে, যাতে কর্মসংস্থান সৃষ্টি হয়। দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে নতুন কর্মক্ষেত্র তৈরির ওপরও জোর দেওয়া হচ্ছে।

এছাড়া ভোকেশনাল বা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি, যাতে দক্ষ জনশক্তি গড়ে ওঠে এবং দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ে।

এর আগে সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। পরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান সংশ্লিষ্ট মন্ত্রী, জনপ্রতিনিধি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬