|
প্রিন্টের সময়কালঃ ০১ মে ২০২৬ ০৬:৪১ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ৩০ এপ্রিল ২০২৬ ০৩:৩৭ অপরাহ্ণ

বাহুবলে বন্যাদুর্গত হাওরাঞ্চল পরিদর্শন, কৃষকদের সহায়তার আশ্বাস


বাহুবলে বন্যাদুর্গত হাওরাঞ্চল পরিদর্শন, কৃষকদের সহায়তার আশ্বাস


হবিগঞ্জ প্রতিনিধি:


হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নের বন্যাকবলিত হাওরাঞ্চল পরিদর্শন করেছে উপজেলা প্রশাসন। সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে উপজেলার বিভিন্ন হাওর প্লাবিত হয়ে কৃষকদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বন্যার পানিতে বিশেষ করে বোরো ধান, শাক-সবজি এবং মাছের ঘেরের ব্যাপক ক্ষতি হয়েছে, ফলে চরম দুর্ভোগে পড়েছেন কৃষকরা।
 

উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উজ্জ্বল রায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয় কৃষক, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ক্ষয়ক্ষতির সার্বিক চিত্র সম্পর্কে ধারণা নেন।
 

পরিদর্শনকালে ইউএনও উজ্জ্বল রায় জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুতের কাজ চলছে এবং সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। তিনি বলেন, কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে।
 

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তা নিশ্চিত করার কাজ চালিয়ে যাচ্ছেন।
 

ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, আকস্মিক বন্যায় তাদের স্বপ্নের ফসল পানির নিচে তলিয়ে গেছে। দ্রুত সরকারি সহায়তা পেলে তারা আবারও ঘুরে দাঁড়াতে পারবেন বলে আশা প্রকাশ করেন।
 

উপজেলা প্রশাসনের এ উদ্যোগে স্থানীয়দের মাঝে কিছুটা স্বস্তি ফিরে এসেছে এবং ক্ষতিগ্রস্তরা এখন সরকারের সহায়তার অপেক্ষায় রয়েছেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬