প্রাণী অধিকার সুরক্ষায় লিগ্যাল নোটিশ, ৩ দিনের মধ্যে ব্যবস্থা না নিলে রিটের হুঁশিয়ারি
স্টাফ রিপোর্টার:
প্রাণী অধিকার সুরক্ষা ও নির্যাতন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
রোববার (১২ এপ্রিল ২০২৬) ডাকযোগে ও ইমেইলের মাধ্যমে মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার কর্মকর্তাদের কাছে এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার।
নোটিশে বাগেরহাটে কুকুর হত্যার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ৩ দিনের মধ্যে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। পাশাপাশি ৩০ দিনের মধ্যে প্রাণী অধিকার সুরক্ষায় প্রস্তাবিত বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নের আহ্বান জানানো হয়। অন্যথায় উচ্চ আদালতে রিট দায়ের করা হবে বলেও উল্লেখ করা হয়েছে।
নোটিশে বলা হয়, দেশে প্রাণীর প্রতি নির্যাতন উদ্বেগজনক হারে বাড়ছে। গৃহপালিত ও বন্যপ্রাণী উভয়ই নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছে, যা নিয়ন্ত্রণে বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগ প্রয়োজন।
এতে আরও উল্লেখ করা হয়, প্রাণিকল্যাণ আইন ২০১৯ থাকা সত্ত্বেও এর কার্যকর প্রয়োগের ঘাটতির কারণে অপরাধ কমছে না। ফলে আইন সংশোধন, কঠোর প্রয়োগ এবং দ্রুত বিচার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
লিগ্যাল নোটিশে প্রাণী সুরক্ষায় বেশ কিছু প্রস্তাব তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে—প্রাণী নির্যাতনবিরোধী বিশেষ টাস্কফোর্স গঠন, প্রাণী কল্যাণ কর্তৃপক্ষ প্রতিষ্ঠা, পেট শপ ও ব্রিডারদের লাইসেন্সিং ব্যবস্থা, ২৪ ঘণ্টা ভেটেরিনারি সেবা চালু এবং প্রাণী বিষয়ক অভিযোগ গ্রহণে হটলাইন চালু করা।
এছাড়া শিক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে প্রাণীর প্রতি সহানুভূতিশীল মনোভাব গড়ে তোলার ওপরও জোর দেওয়া হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬