কেটি পেরির বিরুদ্ধে যৌন অসদাচরণের অভিযোগ
বিশ্বখ্যাত মার্কিন পপ তারকা কেটি পেরির বিরুদ্ধে আবারও গুরুতর অভিযোগ উঠেছে। তার জনপ্রিয় সংগীত ভিডিওর ‘টিনএজ ড্রিম’ সহশিল্পী জোশ ক্লোস এবার তার বিরুদ্ধে যৌন অসদাচরণের অভিযোগ তুলেছেন।
জোশ ক্লোস সম্প্রতি পেজ সিক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেন, ২০১২ সালে এক বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে কেটি পেরি নাকি হঠাৎ করেই তার প্যান্ট টেনে নামিয়ে দেন। তার ভাষায়, কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই এই ঘটনা ঘটে এবং তিনি তখন হতভম্ব হয়ে পড়েন। তিনি আরও জানান, বিষয়টি ঘটার পর তিনি চিৎকার করলেও কেটি পেরি তখন হাসছিলেন।
জোশ ক্লোসের দাবি অনুযায়ী, তিনি ২০১০ সালে ‘টিনএজ ড্রিম’ সংগীত ভিডিওতে কেটি পেরির সঙ্গে কাজ করার পর দুই বছর পর ওই পার্টিতে তার সঙ্গে আবার দেখা হয়। তবে এই অভিযোগ তিনি প্রথম প্রকাশ করেন ২০১৯ সালে, তখন তিনি সামাজিকভাবে নানা ধরনের উপহাস ও অবজ্ঞার শিকার হয়েছিলেন বলেও জানান।
এর আগে ২০২০ সালে দ্য গার্ডিয়ানকে দেওয়া এক মন্তব্যে কেটি পেরি সরাসরি এসব অভিযোগের বিস্তারিত জবাব না দিয়ে বলেন, অনলাইনে যেকেউ যেকোনো কথা বলতে পারে এবং সব অভিযোগের প্রতিক্রিয়া দেওয়া বাস্তবসম্মত নয়।
এদিকে সম্প্রতি অস্ট্রেলীয় অভিনেত্রী রুবি রোজও কেটি পেরির বিরুদ্ধে ২০১০ সালে মেলবোর্নের একটি নাইটক্লাবে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন। ভিক্টোরিয়ার পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে বলে জানা গেছে।
তবে কেটি পেরির মুখপাত্র এসব অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, ক্ষতিকর এবং দায়িত্বজ্ঞানহীন বলে প্রত্যাখ্যান করেছেন। সব মিলিয়ে একাধিক অভিযোগের কারণে আবারও আন্তর্জাতিক বিনোদন জগতে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন কেটি পেরি।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬