|
প্রিন্টের সময়কালঃ ২৫ এপ্রিল ২০২৬ ০৩:২১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৫ এপ্রিল ২০২৬ ১১:০৫ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রে নিখোঁজ ২ বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার


যুক্তরাষ্ট্রে নিখোঁজ ২ বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার


যুক্তরাষ্ট্রে ১০ দিন ধরে নিখোঁজ থাকা দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে জামিল আহমেদ লিমনের (২৭) মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। তিনি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিষয়ে পিএইচডি করছিলেন। এই ঘটনায় জড়িত সন্দেহে তার রুমমেট হিশাম আবুঘরবেহ (২৬) নামের এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে।

হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে প্রাপ্ত তথ্যের আলোকে শুক্রবার (২৪ এপ্রিল) ফ্লোরিডার ট্যাম্পা শহরের হাওয়ার্ড ফ্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে জামিলের মরদেহ উদ্ধার করা হয়। তবে তার সাথে নিখোঁজ হওয়া অপর বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির সন্ধান এখনো মেলেনি। নাহিদা একই বিশ্ববিদ্যালয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করছেন।

বিশ্ববিদ্যালয় পুলিশের তথ্যমতে, গত ১৬ এপ্রিল জামিল ও নাহিদাকে সর্বশেষ দেখা গিয়েছিল। সেদিন সকাল ৯টার দিকে জামিলকে তার ছাত্রাবাসে এবং সকাল ১০টার দিকে নাহিদাকে বিশ্ববিদ্যালয়ের একটি ভবনে দেখা যায়। পরদিন তাদের এক পারিবারিক বন্ধু বিষয়টি কর্তৃপক্ষকে জানালে পুলিশ তদন্ত শুরু করে।

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা এক ফেসবুক বার্তায় এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং সন্দেহভাজন ব্যক্তিকে এখনো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিখোঁজ নাহিদা এস বৃষ্টির সন্ধান পেতে পুলিশি তল্লাশি অব্যাহত রয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬