লক্কড়ঝক্কড় যানবাহনের বিরুদ্ধে মাঠে নামছে পুলিশ
রাজধানী ঢাকায় ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ যানবাহনের চলাচল ঠেকাতে বিশেষ অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ লক্ষ্যে যানবাহনের মালিক ও চালকদের সতর্ক করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, দীর্ঘদিন ধরে পুরোনো ও ঝুঁকিপূর্ণ বাস, মিনিবাস এবং পণ্যবাহী যানবাহনের কারণে নগরীতে যানজট ও ভোগান্তি বাড়ছে। অনেক সময় এসব গাড়ি গুরুত্বপূর্ণ সড়ক, ফ্লাইওভার কিংবা সেতুর ওপর বিকল হয়ে পড়ায় পুরো এলাকার যান চলাচল স্থবির হয়ে যায়।
পুলিশ বলছে, জননিরাপত্তা ও স্বাভাবিক ট্রাফিক ব্যবস্থাপনা বজায় রাখতে এখন থেকে এসব অনুপযোগী যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে নির্ধারিত অর্থনৈতিক আয়ুষ্কাল শেষ হওয়া গাড়িগুলোকে রাজধানীতে চলাচল না করার আহ্বান জানানো হয়েছে।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বিদ্যমান নির্দেশনা অনুযায়ী, বাস ও মিনিবাস সর্বোচ্চ ২০ বছর এবং ট্রাক, কাভার্ডভ্যানসহ পণ্য পরিবহনকারী যানবাহন ২৫ বছর পর্যন্ত সড়কে চলাচলের অনুমতি পায়। এর বেশি সময় ব্যবহৃত যানবাহনকে ‘ইকোনমিক লাইফ’ অতিক্রান্ত হিসেবে বিবেচনা করা হয়।
ডিএমপির বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, খুব শিগগিরই ট্রাফিক বিভাগ ও স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে অভিযান শুরু হবে। অভিযানে ধরা পড়া ঝুঁকিপূর্ণ ও মেয়াদোত্তীর্ণ যানবাহনের বিরুদ্ধে জরিমানা, জব্দসহ বিভিন্ন আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬