|
প্রিন্টের সময়কালঃ ২৫ এপ্রিল ২০২৬ ০৬:২৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৫ এপ্রিল ২০২৬ ০৩:১৯ অপরাহ্ণ

জঙ্গি হামলার শঙ্কা, আতঙ্কিত না হওয়ার আহ্বান সিটিটিসির


জঙ্গি হামলার শঙ্কা, আতঙ্কিত না হওয়ার আহ্বান সিটিটিসির


সারাদেশে সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কা নিয়ে পুলিশ সদর দফতরের সতর্কবার্তার পর রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তবে পরিস্থিতি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) যুগ্ম কমিশনার মুনশী সাহাবুদ্দীন।

শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

সিটিটিসি কর্মকর্তা বলেন, আমরা জঙ্গি হামলার আশঙ্কা নিয়ে তথ্যটা পেয়েছি এবং সিটিটিসি সাইবার ইন্টেলিজেন্স এটা নিয়ে কাজ করছি। আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই। আমরা কাজ করছি, ইনশাল্লাহ আমরা এটাকে ফেস করতে পারব।

এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে তিনি বলেন, এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের নামে প্রতারণার ঘটনায় একটি চক্র সাধারণ মানুষের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছে। তবে তারা যে প্রশ্ন সরবরাহ করেছিল, তার সঙ্গে আসল পরীক্ষার প্রশ্নের কোনো মিল পাওয়া যায়নি। এ ঘটনায় দেশের বিভিন্ন স্থান থেকে চারজনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, পুলিশ সদর দফতরের চিঠিতে সামরিক বাহিনীর চাকরিচ্যুত সদস্যদের সংশ্লিষ্টতার বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য উল্লেখ নেই।

এর আগে, নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সম্ভাব্য নাশকতা পরিকল্পনার তথ্যের ভিত্তিতে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়। পুলিশ সদর দফতর থেকে রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন কমিশনার, জেলা পুলিশ সুপারসহ সব ইউনিটে এ নির্দেশনা পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, সম্প্রতি গ্রেফতার হওয়া উগ্রবাদী সংগঠনের এক সদস্যের সঙ্গে চাকরিচ্যুত দুই সদস্যের যোগাযোগের তথ্য পাওয়া গেছে। তারা জাতীয় সংসদ ভবন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থাপনা, ধর্মীয় উপাসনালয়, বিনোদনকেন্দ্র এবং শাহবাগসহ গুরুত্বপূর্ণ এলাকায় হামলার পরিকল্পনা করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এছাড়া বোমা বিস্ফোরণ, দেশীয় ধারালো অস্ত্র কিংবা আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হামলার সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে। গোয়েন্দা তথ্যে আরও ইঙ্গিত রয়েছে যে, তারা বিভিন্ন বাহিনীর অস্ত্রাগারে হামলার পরিকল্পনাও করতে পারে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, সংশ্লিষ্টরা দেশের নিরাপত্তার জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ। তাই গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার, নজরদারি বৃদ্ধি এবং সন্দেহভাজনদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬