সীমান্ত এলাকার শিক্ষিত ও বেকার যুবকদের কর্মমুখী দক্ষতা অর্জনের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং স্বাবলম্বী করে গড়ে তুলতে পঞ্চগড়ে এক মাসব্যাপী ইলেকট্রিক হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি)।

রোববার (২৩ আগস্ট) বিকেলে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর উচ্চ বিদ্যালয়ে ১৮ বিজিবির উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে সীমান্ত এলাকার প্রায় ৩০ জন শিক্ষিত ও বেকার যুবক অংশ নিয়েছেন।
প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের ইলেকট্রিক হাউজ ওয়্যারিংয়ের বিভিন্ন বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান প্রদান করা হবে। প্রশিক্ষণ শেষে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে তারা নিজেরাই কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন বলে জানিয়েছে বিজিবি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস, পদাতিক।
১৮ বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্তবর্তী মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন ও জনকল্যাণে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে আসছে বিজিবি। এরই ধারাবাহিকতায় বেকার যুবকদের কর্মমুখী দক্ষতা অর্জনের সুযোগ করে দিতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
বিজিবির মতে, এ প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ার পাশাপাশি তাদের পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে। একই সঙ্গে সীমান্ত এলাকার যুবসমাজকে মাদক, চোরাচালান, সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখাও এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস প্রশিক্ষণার্থীদের মনোযোগ ও আন্তরিকতার সঙ্গে প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান। অর্জিত জ্ঞান ও দক্ষতা বাস্তব জীবনে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং পরিবারের আর্থিক উন্নয়নে ভূমিকা রাখার জন্য তিনি প্রশিক্ষণার্থীদের উৎসাহিত করেন।
বিজিবি আশা করছে, এ ধরনের দক্ষতা উন্নয়নমূলক উদ্যোগের মাধ্যমে সীমান্ত এলাকার যুবকদের কর্মমুখী করে গড়ে তোলা এবং একটি নিরাপদ, স্বাবলম্বী ও সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।