বৃষ্টি ঝরানো মৌসুমি বায়ুর বিস্তার ঘটেছে দেশের প্রায় অর্ধেক এলাকাজুড়ে। এর বিপরীতে অবশ্য পশ্চিম দিক থেকে আসা বাতাসও আছে। আর এই পশ্চিমা লঘুচাপের কারণে মৌসুমি বায়ুর স্বাভাবিক চেহারা এখনো দেখা যাচ্ছে না। তবে আজ দেশের পাঁচ বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রাজধানীতেও বৃষ্টির সম্ভাবনার কথা বলেছেন এ অধিদপ্তরের আবহাওয়াবিদেরা।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, বুধবার রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম ও রংপুর বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। গতকালের চেয়ে বৃষ্টি আজ কিছুটা বাড়তে পারে। আর এতে তাপমাত্রা কমতে পারে।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে, ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল এই একটি এলাকা ছাড়া দেশের কোথাও তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস হয়নি। এর অর্থ হলো আর কোথাও তাপপ্রবাহ ছিল না। তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ হিসেবে ধরা হয়।
গতকাল রাজধানীর তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আগের দিনের চেয়ে এ তাপমাত্রা ছিল এক ডিগ্রি কম। আজও রাজধানীর তাপমাত্রা সহনীয় থাকতে পারে বলে জানান আবহাওয়াবিদ ওমর ফারুক। তিনি বলেন, আজ দুপুরের পর রাজধানীতে বৃষ্টি হতে পারে।
চলতি বছর স্বাভাবিক সময়ের এক সপ্তাহ পরে দেশে মৌসুমি বায়ুর প্রবেশ ঘটেছে। তবে তা এখন চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগের দিকে ছড়িয়ে পড়েছে বলে জানান ওমর ফারুক। তিনি বলেন, দেশের অর্ধেকটা জুড়ে এর বিস্তার ঘটেছে।