শহীদ মিনারে রাকিবকে গুলি ও ছুরিকাঘাত করে হত্যা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৬ মার্চ ২০২৬ ১১:৪৫ পূর্বাহ্ণ   |   ৫ বার পঠিত
শহীদ মিনারে রাকিবকে গুলি ও ছুরিকাঘাত করে হত্যা

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় পূর্ব শত্রুতার জেরে মো. রাকিব (২৫) নামের এক যুবককে গুলি ও ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।

 

রোববার (১৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।

 

নিহত রাকিব রাজধানীর শিববাড়ি স্টাফ কোয়ার্টার এলাকার খোকন মিয়ার ছেলে। তাকে হাসপাতালে নিয়ে আসা প্রত্যক্ষদর্শী মো. ঈশান জানান, রাতে শহীদ মিনারের ওপর অবস্থানকালে তিন থেকে চারজন যুবক পূর্ব শত্রুতার জেরে রাকিবকে লক্ষ্য করে হামলা চালায়। হামলাকারীরা রাকিবের মাথায় গুলি করে এবং পেটের ডান পাশে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দ্রুত পালিয়ে যায়।

 

রক্তাক্ত অবস্থায় রাকিবকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে তাকে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) ভর্তি করা হয়। তবে জখম গুরুতর হওয়ায় রাত সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শহীদ মিনার এলাকা থেকে গুলিবিদ্ধ ও ছুরিকাঘাতে আহত এক যুবককে হাসপাতালে আনা হয়েছিল, যিনি পরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

 

এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ব্যক্তিগত বা কোনো গোষ্ঠীর সঙ্গে পূর্ব বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।