চারঘাটে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৪ আগu ২০২৬ ০৭:৩৮ অপরাহ্ণ   |   ৪৫ বার পঠিত
চারঘাটে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মোঃ শফিকুল ইসলাম, রাজশাহী ব্যুরো:

 

রাজশাহীর চারঘাটে হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
 

সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টায় চারঘাট উপজেলা পরিষদ হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা একাডেমিক সুপারভাইজার রাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য মো. আবু সাঈদ চাঁদ।

 


 

চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মো. জাকিরুল ইসলাম বিকুল। এছাড়া উপস্থিত ছিলেন চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান শাহিন এবং রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন মুকুট।

 


 

অনুষ্ঠানে চারঘাট উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ সংশ্লিষ্টরা অংশ নেন।
 

সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের ফুলের তোড়া, পরিবেশবান্ধব গাছ, নগদ অর্থ ও সম্মাননা সনদ প্রদান করা হয়।
 

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. আবু সাঈদ চাঁদ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শুধু উপজেলা পর্যায়ে ভালো ফলাফল করলেই হবে না; জেলা পর্যায়েও ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে শিক্ষার্থীদের আরও মনোযোগী ও পরিশ্রমী হতে হবে। ভবিষ্যতে তারা যেন উচ্চশিক্ষা ও কর্মজীবনে সাফল্যের মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে পারে, সে আহ্বানও জানান তিনি।